মুন্সীগঞ্জে দুই পক্ষের সংঘর্ষ কলেজছাত্র গুলিবিদ্ধ

মুন্সীগঞ্জ সদরের চরাঞ্চল মোল্লাকান্দিতে গতকাল রবিবার দুপুরে দুই পক্ষের সংঘর্ষে কলেজছাত্র গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় আরও কয়েকজন আহত হন। আধিপত্য বিস্তার নিয়ে দুপুর ১২টার দিকে মোল্লাকান্দি ইউনিয়নের মাকহাটি গ্রামে ফয়সাল সরকার ও মো. নাহিদ পক্ষের মধ্যে ওই সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হন সরকারি হরগঙ্গা কলেজের একাদশ শ্রেণির দ্বিতীয়বর্ষের ছাত্র কাউসার আহমেদ (২০)। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি মাকহাটি গ্রামের মো. সানাউল্লাহর ছেলে।

স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে মাকহাটি গ্রামের দুটি পক্ষের মধ্যে বিবাদ চলে আসছে। এর জের ধরে গতকাল দুপুরে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় উভয় পক্ষের মধ্যে গোলাগুলি হয়। সংঘর্ষে গুলিবিদ্ধ কাউসার আহমেদকে প্রথমে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সোহাগ হাসান জানান, কাউসারের শরীরে বিভিন্ন স্থানে শটগানের গুলির চিহ্ন রয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

কাউসার জানান, তিনি কোনো পক্ষের নন। দুই পক্ষের মধ্যে গোলাগুলির মাঝখানে পড়ে তিনি গুলিবিদ্ধ হন। তবে এ ব্যাপারে বক্তব্য জানার জন্য যোগাযোগের চেষ্টা করে ফয়সাল সরকার ও মো. নাহিদকে পাওয়া যায়নি। সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার থান্দার খায়রুল হাসান জানান, পূর্ব বিরোধকে কেন্দ্র করে নাহিদ ও ফয়সাল পক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে ওই গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।