মেডিকেল কলেজ ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে লেখাপড়ার সুযোগ পেলেও অর্থাভাবে ভর্তি হতে না পারা অসচ্ছল পরিবারের আট মেধাবী শিক্ষার্থীকে আর্থিক সহায়তা প্রদান করেছেন নীলফামারী জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ। গতকাল রবিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ভর্তি ফি বাবদ তাদের প্রত্যেককে নগদ ২০ হাজার টাকা করে দেওয়া হয়।
সহায়তাপ্রাপ্তরা হলেন সিফাত তাহসিন মিম, অর্পণা রায় হাসি, রিপন রায়, সাব্বির আলী, রাইয়ান কবির, সুধাংশু রায়, কৃষ্ণ রায় ও সাহাবুল ইসলাম। তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন।
সহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক সাইফুর রহমান, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আবু বক্কর সিদ্দিক প্রমুখ।