জাপা ও জনস্বাস্থ্য সংগ্রাম পরিষদ

বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা ও চিকিৎসার দাবি

দেশের সরকারি ও বেসরকারি হাসপাতালে সরকারি সহায়তায় বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা ও চিকিৎসা নিশ্চিত করার দাবি জানিয়েছে জাতীয় পার্টি (জাপা)। পার্টির চেয়ারম্যান ও সংসদের বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের গতকাল রবিবার এক বিবৃতিতে বলেন, ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ হচ্ছে। যাদের ব্যর্থতা ও সমন্বয়হীনতায় ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

বিবৃতিতে জিএম কাদের বলেন, সরকার ডেঙ্গুতে রোগী ভর্তি ও মৃত্যুর যে তথ্য দিচ্ছে, সাধারণ মানুষের ধারণা এ সংখ্যা আরও বেশি। ২০১৯ সালে ইতিহাসের সবচেয়ে বেশি ডেঙ্গুর প্রাদুর্ভাব হয়েছিল। সে বছর রাজধানীর ৯৮টি ওয়ার্ডের মধ্যে ২১টি ডেঙ্গুর উচ্চঝুঁকিতে ছিল। কিন্তু এ বছর স্বাস্থ্য অধিদপ্তরের প্রাক-বর্ষ জরিপে রাজধানীর ৯৮টি ওয়ার্ডের মধ্যে ৫৫টিই ডেঙ্গুর উচ্চঝুঁকিতে রয়েছে, যা ভয়াবহ পরিস্থিতির আশঙ্কা সৃষ্টি করেছে।

ডেঙ্গু পরিস্থিতি এখনই নিয়ন্ত্রণ করতে না পারলে, ভবিষ্যতে এর পরিণাম আরও ভয়াবহ হয়ে উঠবে।

হেলথ ইমার্জেন্সি ঘোষণার দাবি জনস্বাস্থ্য সংগ্রাম পরিষদের : জনস্বাস্থ্য সংগ্রাম পরিষদ আহ্বায়ক ফয়জুল হাকিম, মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. হারুন অর রশিদ, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক ডা. রওশন আরা, জনস্বাস্থ্য সংগঠক অনুপ কু-ু ও সামিউল আলম এক বিবৃতিতে ঢাকাসহ সারা দেশে ডেঙ্গু রোগের বিপজ্জনক বিস্তারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। গতকাল গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা ডেঙ্গুর এ ভয়াবহ পরিস্থিতিতে দেশে হেলথ ইমার্জেন্সি (জরুরি স্বাস্থ্য অবস্থা) ঘোষণারও দাবি জানান। তারা বলেন, ডেঙ্গু রোগের বিস্তার রোধে ওয়ার্ড পর্যায়ে এডিস মশা প্রজননবিরোধী প্রচার অভিযান চালাতে স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সমন্বিত কর্মসূচি নিতে হবে।

বিবৃতিতে রাজধানী ঢাকা থেকে উপজেলা স্বাস্থ্যকেন্দ্র পর্যন্ত সর্বত্র বিনামূল্যে ডেঙ্গু রোগীর পরীক্ষা ও চিকিৎসার দাবি জানানো হয়।