বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) সরকারের দেওয়া অর্থ নয়ছয় করার অভিযোগ অনুসন্ধান নিয়ে হাইকোর্টের দেওয়া রুল তিন সপ্তাহের মধ্যে নিষ্পত্তির নির্দেশ এসেছে সর্বোচ্চ আদালত থেকে। একই সঙ্গে দুর্নীতির অভিযোগের বিষয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধান চলবে। তবে বাফুফেকে বিশ^ ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার (ফিফা) দেওয়া অর্থ নিয়ে অনিয়মের অভিযোগের অনুসন্ধানে হাইকোর্টের দেওয়া আদেশের ওপর স্থিতাবস্থা বহাল রেখেছে আপিল বিভাগ।
গতকাল রবিবার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে গঠিত আপিল বিভাগ এসব আদেশ দেয়। বাফুফেকে দেওয়া ফিফার টাকার হিসাবে মিথ্যা তথ্য দেওয়া ও জালিয়াতির অভিযোগে গত ১৪ এপ্রিল বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগকে দুই বছরের জন্য সব ধরনের কার্যক্রম থেকে নিষিদ্ধ করে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। এর সঙ্গে বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ লাখ টাকা জরিমানা করা হয় তাকে।
এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১৫ মে হাইকোর্ট এক আদেশে বাফুফে সভাপতি কাজী মোহাম্মদ সালাউদ্দিন, সহসভাপতি আব্দুস সালাম মুর্শেদী ও সাধারণ সম্পাদক পদে নিষিদ্ধ হওয়া আবু নাঈম সোহাগসহ জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগের অনুসন্ধান করতে দুদককে নির্দেশসহ রুল দেয়। পরে হাইকোর্টের এ আদেশের বিরুদ্ধে চেম্বার আদালতে আবেদন করেন সালাম মোর্শেদী।
গত ২৫ জুন চেম্বার আদালত বাফুফেকে ফিফার দেওয়া অর্থের অনিয়মের অনুসন্ধান করতে হাইকোর্টের দেওয়া সিদ্ধান্তের ওপর স্থিতাবস্থার আদেশ দেয়।