প্রথম দুই টেস্ট হেরে কোণঠাসা হয়ে পড়েছিল ইংল্যান্ড। তবে হেডিংলিতে সিরিজের তৃতীয় টেস্টে দারুণ এক জয় তুলে নিয়েছে স্বাগতিকরা। তাতে অ্যাশেজ জয়ের লড়াইয়েও টিকে আছে দলটা।
বাকি যে দুই টেস্ট হাতে আছে, সেই দুটিতেই জয়ের ব্যাপারে আশাবাদী ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। কোনো সংকোচ ছাড়াই বেশ আত্মবিশ্বাস নিয়ে তিনি বলে দিচ্ছেন, এই অ্যাশেজ তাদেরই হচ্ছে।
রবিবার হেডিংলিতে অস্ট্রেলিয়াকে ৩ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। পাঁচ ম্যাচ সিরিজে অজিরা এখন ২-১ এ এগিয়ে।
বাকি দুই ম্যাচ জিতে অ্যাশেজ নিজেদের করাটা ইংলিশদের জন্য এখনও বেশ কঠিন। প্রথম দুই টেস্ট হারের পরও অ্যাশেজ জয়ের ঘটনা আছে একটিই। ১৯৩৬-৩৭ মৌসুমে অস্ট্রেলিয়া এই কৃতিত্ব দেখায়। এরপর আর এমন কিছু ঘটেনি।
তবে স্টোকস আত্মবিশ্বাসী এমনটাই ঘটাবে তার দল। বিবিসিকে এই অলরাউন্ডার বলেন, ‘হ্যাঁ, এ নিয়ে আমার মধ্যে কোনো দ্বিধা নেই (অ্যাশেজ জয়ের বিষয়ে)। আরেকটি অনিশ্চয়তায় ভরা ম্যাচ খেললাম। ভালো লাগছে যে এবার আমরা জিততে পেরেছি এবং আমাদের আশাটা বাঁচিয়ে রাখতে পেরেছি। আমাদের যা করা দরকার, সেটি কেবলই শুরু এটি।’
ম্যানচেস্টারে চতুর্থ টেস্ট শুরু হবে ১৯ জুলাই থেকে। পঞ্চম ও শেষ টেস্ট হবে ওভালে, ২৭ জুলাই থেকে।