ভাঙচুর, নাশকতার অভিযোগে নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় হওয়া দুটি মামলায় হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির যুগ্ম মহাসচিব মামুনুল হককে হাইকোর্টের দেওয়া জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের লিভ টু আপিলের (আপিলের অনুমতির আবেদন) ওপর শুনানি তিন মাস স্ট্যান্ডওভার (মুলতবি) রেখেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। গতকাল সোমবার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে গঠিত আপিল বিভাগ এ আদেশ দেয়। ফলে মামুনুল হককে কারাগারেই থাকতে হচ্ছে বলে জানান সংশ্লিষ্ট আইনজীবীরা।
এ দুই মামলায় গত ৯ মে তাকে জামিনের আদেশ দেয় হাইকোর্ট। পরে এ আদেশ স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করে রাষ্ট্রপক্ষ।
১০ মে হাইকোর্টের আদেশ স্থগিত করে এ বিষয়ে শুনানি করতে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠায় চেম্বার আদালত। এর ধারাবাহিকতায় গতকাল শুনানি হয়।