লিওনেল মেসি এখন সর্বজয়ী ফুটবলারের নাম। ক্যারিয়ারে জিতেছেন সবকিছু। তবে ২ বছর আগে চিত্রটা এমন ছিল না। দেশের হয়ে বড় কোনো শিরোপা জয়ের হাহাকার বয়ে বেড়াতে হচ্ছিল।
২০২১ সালের ১১ জুলাই কোপা আমেরিকা জয়ের মধ্য দিয়ে না পারার সেই হাহাকার দূর হয় মেসির। সেই অর্জনের ২ বছর পূর্ণ হলো আজ।
আজকের এই দিনেই ব্রাজিলের মারকানা স্টেডিয়ামে হয়েছিল কোপা আমেরিকার ফাইনাল। স্বাগতিকদের হারিয়ে ২৮ বছর পর কোনো বড় আসরে শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। মেসি পেয়েছিলেন প্রথম আন্তর্জাতিক শিরোপার স্বাদ।
দেশ রূপান্তরে প্রকাশিত ২ বছর আগে মেসিদের কোপা জয়ের রিপোর্ট।
আনহেল ডি মারিয়ার একমাত্র গোলে শিরোপার নিষ্পত্তি হয়েছিল সেদিন। এদিনের ফাইনালের আগ পর্যন্ত দেশের হয়ে একটি বিশ্বকাপ ও তিনটি কোপা আমেরিকার ফাইনালে খেলেছিলেন মেসি। কিন্তু প্রতিবারই ফিরেছেন শূন্য হাতে।
আর্জেন্টিনার জার্সিতে মেসির ফাইনাল মানেই হার, এমন একটা ধারণাই তৈরি হয়ে গিয়েছিল। তবে ২০২১ কোপা আমেরিকা থেকে মেসি-আর্জেন্টিনা গল্পে নতুন মোড় নেয়। কোপা জয়ের পর গত বছর বিশ্বকাপও জিতেছেন মেসি। ক্যারিয়ারে এখন যার কোনো কিছু জিততে বাকি নেই।