বগুড়ার শেরপুরে গ্যাস ট্যাবলেট খেয়ে আব্দুস সাত্তার (৫৫) নামের এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (১১ জুলাই) সকাল ১১টায় উপজেলার সুঘাট ইউনিয়নের সাদেকপুর গ্রামের নিজ বাড়িতে তিনি গ্যাস ট্যাবলেট খান।
নিহত আব্দুস সাত্তার একই গ্রামের বাসিন্দা।
জানা যায়, দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতা ও আর্থিক অনটন ছিল আব্দুস সাত্তারের সংসারে। মঙ্গলবার সকালে বাড়ীতে কেউ না থাকার সুযোগে গ্যাস ট্যাবলেট খেয়ে ছটফট করতে থাকেন। পরিবারের লোকজন বুঝতে তাকে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরপুর থানা অফিসার ইনচার্জ বাবু কুমার সাহা জানান, এ আত্মহত্যার ঘটনায় শেরপুর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।