ঢাকার দোহার উপজেলার মাঝিরচর বাজার, কুলচুরি, দেবীনগর, জয়পাড়া-কাজিরচর সড়কে ৬ কোটি ৬৮ লাখ ৮৬ হাজার ৩৬ টাকা ব্যয়ে নির্মিত ৬০ দশমিক ০৫ মিটার আরসিসি সেতুর অ্যাপ্রোচ (সড়ক) নির্মাণের দশ দিনের মধ্যেই ভেঙে পড়েছে।
স্থানীয়দের অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রথমে কাজের ধীরগতি, পরে তড়িঘড়ি করে নির্মাণ এবং স্থানীয় সরকার বিভাগ (এলজিইডির) সঠিক তত্ত্বাবধান না থাকায় ও নিম্নমানের কাজ হওয়ায় বৃষ্টিতে ভেঙে গেছে সেতুতে ওঠার সড়কটি।
সেতুটি নির্মাণ করে এমএম বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ারস লিমিটেড। ওয়ার্ল্ড ব্যাংকের অর্থায়নে দোহার উপজেলা প্রকৌশল দপ্তরের তত্ত্বাবধানে ২০২১-২০২২ অর্থবছরের কাজটির টেন্ডার পায় এমএম বিল্ডার্স। কাজ শুরু করে ২০২২ সালের ২৩ ফেব্রুয়ারি। ওয়ার্ক অর্ডার অনুযায়ী কাজ শেষ করার শেষ দিন আজ (১২ জুলাই ২০২৩।) কাজ শুরুর দিকে ধীরগতি ছিল। কিন্তু যথাসময়ের মধ্যে কাজটি শেষ করার জন্য শেষের দিকে এসে তড়িঘড়ি করে কাজ সম্পন্ন করে ঠিকাদারি প্রতিষ্ঠান।
সরেজমিন দেখা যায়, ৬০ দশমিক ০৫ ফুট দীর্ঘ আরসিসি সেতুর দুই পাশের অ্যাপ্রোচের চার দিকের সড়ক বৃষ্টিতে ভেঙে গেছে। এ ছাড়া সেতুর গোড়ায় বাঁধাই করা ব্লক সরে গেছে, সড়ক ফুটো হয়েছে। সেতুর পশ্চিম দিকের বাম পাশের অ্যাপ্রোচের পুরো মাটি বৃষ্টিতে সরে গেছে।
স্থানীয় আল আমিন জানান, সেতুটি হওয়ায় আমাদের অনেক উপকার হয়েছে। কিন্তু দুঃখের বিষয়, সেতুটির নির্মাণ কাজ শেষ হতে না হতেই কয়েক দিনের বৃষ্টির কারণে সেতুর ঢালের রাস্তার পাশ দিয়ে পানি নেমে মাটিসহ ব্লক সরে রাস্তা ভেঙে গর্ত ও নালা হয়ে গেছে। যদি এখনই সড়কটি ভেঙে যায়, তাহলে বর্ষাকালে তো কিছুই থাকবে না।
এ বিষয়ে দোহার উপজেলার স্থানীয় সরকার বিভাগ (এলজিইডির) নির্বাহী প্রকৌশলী হানিফ মোহাম্মদ মুর্শেদী জানান, ওই প্রতিষ্ঠানের সেতুর কাজের চূড়ান্ত বিল এখনো দেওয়া হয়নি। ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছ থেকে মেপে কাজ বুঝে নিয়েই বিল পরিশোধ করব।