বড় ভাইয়ের কান, পায়ের রগ কাটল ছোট ভাই

ঝালকাঠিতে হাঁসে বীজতলার ধান খাওয়াকে কেন্দ্র করে বড় ভাই মজিবুর রহমান হাওলাদারের (৬০) বাম কান এবং ডান পায়ের গোড়ালির রগ কেটে দিয়েছে আপন ছোট ভাই হাবিবুর রহমান হাওলাদার।

গত সোমবার সন্ধ্যায় জেলার রাজাপুর উপজেলার মঠবাড়ী ইউনিয়ন পরিষদসংলগ্ন পশ্চিম বাদুরতলা এলাকায় এ ঘটনা ঘটে।

মজিবুর রহমান ও হাবিবুর রহমান ওই এলাকার পবন আলীর ছেলে। মজিবুর রহমানকে রক্ষায় এগিয়ে গেলে তার স্ত্রী মোর্শেদা বেগম (৫০) ও তার মেয়ে লাইলী আক্তারকে (২৩) মারধর করা হয়েছে।

আহত মজিবুর রহমানকে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

মজিবুর রহমানের বড় মেয়ে হ্যাপি বেগম জানান, ছোট চাচা হাবিবের বীজতলায় আমাদের হাঁসের বাচ্চা ঢুকে বীজতলার ধান খেয়েছে এমন অভিযোগে আব্বাকে গালমন্দ করেন তিনি।

এ সময় আব্বা প্রতিবাদ করলে চাচাসহ অন্যরা ক্ষিপ্ত হয়ে দেশীয় অস্ত্র দিয়ে আব্বার মাথায় কোপ দেন। কোপ মাথায় না লেগে কানে লেগে কান কেটে যায়। পরে আবার কোপ দিয়ে ডান পায়ের গোড়ালির পেছনের রগ কেটে ফেলেন। আব্বাকে রক্ষার করতে গেলে আমার মা ও ছোট বোনকেও মেরে আহত করা হয়।

রাজাপুর থানার ওসি পুলক চন্দ্র রায় বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। হাবিব পলাতক রয়েছে।