ওয়েব টেলিস্কোপের এক বছর: নতুন ছবি আনছে নাসা

দূরবর্তী মহাজগতের শ্বাসরুদ্ধকর দৃশ্য দিয়ে বিশ্বকে স্তম্ভিত করার এক বছর পর জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ থেকে একটি নতুন চিত্র উন্মোচন করতে যাচ্ছে নাসা। আজ বুধবার (১২ জুলাই) জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ তার প্রথম বছর শেষ করেছে।

জেমস ওয়েব কক্ষপথের সবচেয়ে শক্তিশালী টেলিস্কোপ। এটি ২০২১ সালের ডিসেম্বরে ফ্রেঞ্চ গায়ানা থেকে মহাকাশে পাঠানো হয়। এটি পৃথিবী থেকে ১৬ লাখ মাইল দূরে দ্বিতীয় ল্যাগ্রেঞ্জ পয়েন্ট (এল-২) নামে একটি কক্ষপথে স্থাপন করা হয়। এটির ধারণ করা প্রথম পূর্ণ রঙিন ছবি ২০২২ সালের ১১ জুলাই প্রেসিডেন্ট জো বাইডেন উন্মোচন করেন। এটি ১৩০০ কোটি বছর আগের আদি মহাবিশ্বের এখনও পর্যন্ত সবচেয়ে পরিষ্কার দৃশ্য।

পরবর্তী ছবিগুলোর মধ্যে রয়েছে, ক্যারিনা নেবুলা নামক মহাকাশের একটি অঞ্চলে ‘পর্বত’ এবং ‘উপত্যকা’ সদৃশ্য নতুন তারকা-গঠনকারী অঞ্চলের ছবি, যাকে কসমিক ক্লিফস বা জায়ান্ট গ্যাসীয় মণ্ডল বলা হয় এবং একটি মহাজাগতিক বৃত্তে আবদ্ধ পাঁচটি ছায়াপথের একটি দল, যাকে বলা হয় স্তেফানের কুইন্টেট। পেগাসাস নক্ষত্রমন্ডলে এই গ্যালাক্সি জোটের অবস্থান। এটি প্রথম ১৮৭৭ সালে এদোয়ার্দ স্তেফান আবিস্কার করেন।

এদিকে বুধবার প্রকাশিত হবে যে ছবিটি তার প্রকৃতি সম্পর্কে নীরব রয়েছে নাসা, যা ইস্টার্ন টাইম সকাল ৬:০০ এ (১০০০জিএমটি) নাসার ওয়েবসাইটে দেখা যাবে।

ওয়েব টেলিস্কোপে ২১ ফুট (৬.৫ মিটার)-এরও বেশি পরিমাপের একটি প্রাইমারি মেরর রয়েছে, যা ১৮টি ষড়ভুজাকার সোনার প্রলেপযুক্ত অংশ একত্রিত করে তৈরি করা হয়েছে এবং সেইসঙ্গে একটি টেনিস কোর্টের আকারের এই টেলিস্কোপটি পাঁচ স্তরের সানশিল্ড দিয়ে তৈরি।