প্রয়াত হকারের পরিবারের দায়িত্ব নিলেন ভূমিমন্ত্রী

লেখাপড়ার পাশাপাশি বাবার সঙ্গে পত্রিকা বিলি করা ছিল এগারো বছরের শিশু শ্রেয়ান পালের নেশা। চট্টগ্রামের আনোয়ারা উপজেলার খাসখামা গ্রামের সুজন পালের (৩৬) ছেলে শ্রেয়ান। গত ২৭ জুন পত্রিকা বিলি করতে যাওয়ার পথে স্ট্রোকে আক্রান্ত হন সুজন। এরপর হাসপাতালে আটদিন চিকিৎসা নিয়ে গত ৫ জুলাই বাড়ি ফেরেন। এর  দুদিন পর গত শনিবার সকালে তিনি মারা যান।

সুজনের আকস্মিক মৃত্যুতে আঁধার নেমে আসে তার পরিবারে। তাই পরিবারের হাল ধরতে গত সোমবার থেকেই পত্রিকা বিলি শুরু করে শ্রেয়ান। সে উপজেলার গুজরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র।

শ্রেয়ান পাল বলে, ‘বাবার সঙ্গে পত্রিকা বিলি করাতে কোন কোন অফিসে বা দোকানে পত্রিকা দিতেন আমি জানি। তাই আমিই পত্রিকাগুলো বিলি করছি।’

এদিকে শিশুটির পত্রিকা বিলির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় সাংসদ ও ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর নজরে আসে। পরে খোঁজ নিয়ে তিনি শিশুটির পড়াশোনা ও তার পরিবারের দায়িত্ব নেন। বিষয়টি নিশ্চিত করে ভূমিমন্ত্রীর সহকারী একান্ত সচিব রিদোয়ানুল করিম চৌধুরী সায়েম বলেন, ভূমিমন্ত্রী হকার সুজনের পরিবার ও তার ছেলের পড়াশোনার দায়িত্ব নিয়েছেন।

শ্রেয়ানের মা শেলী দাশ বলেন, ‘স্বামী মারা যাওয়ায় পরিবার নিয়ে চিন্তিত ছিলাম। মন্ত্রীর আশ^াস পেয়ে মনে সাহস পেয়েছি। সৃষ্টিকর্তার কাছে তার জন্য আশীর্বাদ করছি।’