গাজীপুরের শ্রীপুরে জৈনাবাজার-কাওরাইদ আঞ্চলিক সড়কের পশ্চিম সোনাব গ্রামের চৌধুরী ঘাট এলাকার মাটিকাটা নদীর ওপর বেইলি সেতুটির পাটাতন খুলে পড়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। গত মঙ্গলবার রাতে একটি বালুভর্তি ড্রাম ট্রাক যাওয়ার সময় বিকট শব্দে দুটি পাটাতন খুলে পড়ে যায়। ড্রাম ট্রাকটি গতকাল বুধবার পর্যন্ত সেতুতে আটকা ছিল।
স্থানীয়রা জানান, দুটি পাটাতন পড়ে গেলে ট্রাকটি একটুর জন্য নদীতে পড়েনি। পরে ট্রাক থেকে বালু নদীতে ফেলে দেন শ্রমিকরা। এখনো ট্রাকের চাকার নিচে দুটি পাটাতন খুলে ঝুলে আছে। এ সড়কের যানবাহনগুলো চার থেকে পাঁচ কিলোমিটার ঘুরে বিকল্পপথে যাতায়াত করছে। এর আগে চলতি বছরের ৪ জানুয়ারি এই সেতুর একটি পাটাতন খুলে গিয়েছিল। তখনো কোনো রকমে জোড়াতালি দিয়েছে।
উপজেলা প্রকৌশলী এ জেড এ রকিবুল আহসান বলেন, ‘ঈদের ছুটির কারণে এ কাজের কর্মী পাওয়া যাচ্ছে না। আশা করি বৃহস্পতিবার (আজ) ভাঙা পাটাতন আমরা মেরামত শেষ করে যানবাহন চলাচল স্বাভাবিক করতে পারব।’