বিভিন্ন প্রজাতির ৪৫মণ সামুদ্রিক মাছ জব্দ

চট্টগ্রামের আনোয়ারায় ৪৫ মণ বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ জব্দ করেছে উপজেলা প্রশাসন।

বুধবার রাত ১০টায় উপজেলার কালা বিবির দীঘির মোড় থেকে একটি ট্রাকসহ এসব মাছ জব্দ করা হয়। এরপর রাত ১১টার দিকে জব্দকৃত মাছ প্রকাশ্যে নিলাম দিয়ে এক লাখ ৫৬ হাজার টাকায় বিক্রি করে প্রশাসন। এই সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মুমিন ও জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা মো.রাশিদুল হক উপস্থিত ছিলেন।

জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা মো.রাশিদুল হক বলেন, ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত সাগরে সব ধরনের মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা রয়েছে। আইন অমান্য করে যারা সাগরে মাছ আহরণ,পরিবহন ও বেচা কেনা করছে তাদের বিরুদ্ধে মৎস্য বিভাগের অভিযান অব্যাহত রয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মুমিন এই সময় মাছ পরিবহনের দায়ে ট্রাকচালককে দুই হাজার টাকা ও মাছ ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন।