বরগুনার তালতলীর শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে ভেসে এসেছে ছয় ফুট দৈর্ঘ্যের একটি মৃত ডলফিন। পরে সেটি উদ্ধার করে মাটিচাপা দেওয়া হয়।
বৃহস্পতিবার (১৩ জুলাই) সকাল ১১টার দিকে সৈকতের পূর্বদিকে লঞ্চঘাট নামক স্থানে ভেসে আসে মৃত ডলফিনটি।
স্থানীয়রা জানান, উপজেলার শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতের পূর্বদিকে ৬ ফুট দৈর্ঘ্য ও ২ ফুট প্রস্থের একটি ডলফিন ভেসে আসে। পরে স্থানীয়রা দেখতে পেয়ে বন বিভাগকে খবর দেয়। মৃত ডলফিনটি বন বিভাগ উদ্ধার করে মাটিচাপা দেয়। ডলফিনটির লেজ এবং গলায় আঘাতে চিহ্ন রয়েছে।
তালতলী উপজেলা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সাগরে জেলেদের জালে আটকা পড়ে ডলফিনটির মৃত্যু হতে পারে। ডলফিনটিকে উদ্ধার করে নিরাপদ স্থানে মাটিচাপা দেওয়া হয়েছে।