টাঙ্গাইলের কালিহাতীতে ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর সমর্থক এক প্রধান শিক্ষককে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে নৌকার প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে। গত বুধবার সন্ধ্যায় উপজেলার বীরবাসিন্দা ইউনিয়নের কস্তুরীপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে। গুরুতর আহত শিক্ষক আরিফুর রহমান লিটন (৫০) বর্তমানে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন। তিনি কস্তুরীপাড়া গ্রামের মজিবর সিকদারের ছেলে এবং কস্তুরীপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার বীরবাসিন্দা ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী সোহরাব হোসেনের (মোটরসাইকেল প্রতীক) প্রধান নির্বাচনী সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন আরিফুর রহমান লিটন। বুধবার তিনি কস্তুরীপাড়া বাজার এলাকায় দিনব্যাপী নির্বাচনী প্রচারণায় অংশ নেন। মাগরিবের নামাজ পড়ে বাজারের আবুখার ওষুধের দোকানের সামনে এলে হিরা, আয়নাল, সুমন, রফিকুল, জয়েন উদ্দিন ও শফিকুলসহ ১০/১৫ জন নৌকার সমর্থক তাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে।