বাংলাদেশের মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) পদে নিয়োগ পেয়েছেন মো. নুরুল ইসলাম। তিনি বর্তমান সিএজি মোহাম্মদ মুসলিম চৌধুরীর স্থলাভিষিক্ত হবেন।
নুরুল ইসলাম বর্তমানে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের হিসাব মহানিয়ন্ত্রক (সিজিএ) পদে দায়িত্ব পালন করছেন।
বৃহস্পতিবার (১৩ জুলাই) সিএজি পদে নিয়োগের প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়। এতে স্বাক্ষর করেন অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রশাসন অধিশাখা-২ এর অতিরিক্ত সচিব তাহমিদ হাসনাত খান।
প্রজ্ঞাপনে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ১২৭(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে মহামান্য রাষ্ট্রপ্রতি মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক পদে হিসাব মহানিয়ন্ত্রক মো. নুরুল ইসলামকে নিয়োগ প্রদান করেছেন।
এতে আরও বলা হয়, সংবিধানের ১২৯(১) অনুচ্ছেদ অনুসারে তিনি দায়িত্ব গ্রহণের তারিখ থেকে পাঁচ বছর বা তার বয়স ৬৫ বছর পূর্ণ হওয়া- এর মধ্যে যেটি আগে ঘটে সে সময় পর্যন্ত মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক পদে দায়িত্ব পালন করবেন এবং মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক (পারিশ্রমিক ও বিশেষ অধিকার) আইন, ১৯৯৮ (১৯৯৮ সনের ৪ নং আইন) অনুযায়ী বেতন ও অন্যান্য আনুষঙ্গিক সুবিধা প্রাপ্য হবেন।
শপথ গ্রহণের পর সিএজি পদে নুরুল ইসলামের নিয়োগ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।
নতুন সিএজি নুরুল ইসলাম ৮ম বিসিএসের কর্মকর্তা। তিনি ১৯৮৯ সালে অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ক্যাডারে নিয়োগ পান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৪ সালে স্নাতক ও পরের বছর স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
বর্তমান সিএজি মোহাম্মদ মুসলিম চৌধুরী ২০১৮ সালের ১৭ জুলাই দায়িত্ব নেন। আগামী রবিবার তার মেয়াদ শেষ হচ্ছে।