এরশাদের মৃত্যুবার্ষিকীতে তবারক নিয়ে মারামারি

ময়মনসিংহে হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুবার্ষিকীর মিলাদ ও দোয়া মাহফিলের তবারক (খাবার) নিয়ে মারামারিতে ছয়জন আহত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে নগরীর গঙ্গাদাশ গুহ রোডে ‘সুন্দর মহল’ জাপা কার্যালয়ে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে সাইফুল ইসলাম ও মুজিবর রহমান নামে ইউনিয়ন পর্যায়ের দুই কর্মীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক আবদুল আউয়াল সেলিম এসব তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, বিকেলে জাপা কার্যালয়ে জেলা, মহানগর ও সদর উপজেলা জাতীয় পার্টি এবং অঙ্গসংগঠনের (রওশনপন্থি) যৌথ উদ্যোগে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এরশাদের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়।

মহানগর জাপার আহ্বায়ক ডা. কে আর ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জাপা জেলা শাখার যুগ্ম আহ্বায়ক সোহরাব আলী, কাইয়ুম, আব্বাস উদ্দিন ও নুর মোহাম্মদ নুরু, সদস্য সচিব মোশাররফ হোসেন, মহানগর শাখার সদস্য সচিব আবদুল আওয়াল সেলিমসহ অন্য নেতারা।

পরে মিলাদ ও দোয়া মাহফিল হয়। মিলাদ শেষে খাবার (তবারক) নিয়ে নেতাকর্মীদের মধ্যে বাগ্বিত-া, চেয়ার ছোড়াছুড়ি ও মারামারির ঘটনা ঘটে। এতে ওই ছয়জন আহত হয়। এরপর খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠান শেষে খাবার বিতরণ নিয়ে নেতাকর্মীদের মধ্যে হট্টগোল দেখা দেয়। এ সময় চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হয়। দুজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জাতীয় পার্টির (রওশন) ময়মনসিংহ মহানগরের আহ্বায়ক আবদুল আউয়াল সেলিম বলেন, খাবার যথেষ্ট ছিল। কিন্তু সরবরাহে দেরি হওয়ায় অনাকাক্সিক্ষত ঘটনা ঘটে।

অন্যদিকে মহানগর জাপার (জিএম কাদেরপন্থি) উদ্যোগে বিকেলে ধোপাখলা এলাকায় আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল হয়েছে। মহানগর জাপার আহ্বায়ক জাহাঙ্গীর আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সদস্য সচিব আবু মুসা সরকার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম তপন, মাহবুব উদ্দিন টিটু, যুব সংহতি মহানগর শাখার সভাপতি বদরুজ্জামান সবুজ, মহানগর শ্রমিক পার্টির সভাপতি জুয়েল মিয়া প্রমুখ। পরে মিলাদ ও দোয়া মাহফিল হয়।