বিদ্যুৎস্পৃষ্টে ৬ মহিষসহ মালিকের মৃত্যু

বগুড়ার সারিয়াকান্দিতে বিদ্যুৎস্পৃষ্টে ৬টি মহিষসহ সবুজ প্রাং (৫০) নামে এক মহিষ বাথানের মালিক মারা গেছেন। গতকাল শুক্রবার দুপুর ২টার দিকে উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের আমতলী গজারিয়া পাথারে এ ঘটনা ঘটে। নিহত সবুজ উপজেলার পৌর এলাকার মধ্য হিন্দুকান্দি গ্রামের ইফেজ প্রাং-এর ছেলে। এলাকাবাসীর দাবি, পল্লীবিদ্যুতের অপরিকল্পিত সংযোগ স্থাপনের কারণে এ ঘটনা ঘটেছে।

স্থানীয়রা জানান, উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের আমতলী গজারিয়া পাথারের একটি চারণভূমিতে সবুজের বেশ কিছু মহিষ বিচরণ করত। ওই পাথারে একই ইউপির রামনগর গ্রামের সাজু নামে এক ব্যক্তির বিদ্যুচ্চালিত সেচ মেশিন রয়েছে। সেখানকার বিদ্যুৎ সংযোগ বাঁশের খুঁটি দিয়ে টানা ছিল। দুপুর ২টার দিকে ওই বাঁশের খুঁটির সঙ্গে সবুজের মহিষের ধাক্কা লেগে ভেঙে পড়ে। তখন বিদ্যুতের তারে ৬টি মহিষ জড়িয়ে পড়ে। মহিষগুলোকে বাঁচাতে এসে সবুজ প্রাং নিজেও বিদ্যুৎস্পৃষ্ট হয়। এতে ঘটনাস্থলেই ৬টি মহিষ মারা যায়। স্থানীয়রা ফায়ার সার্ভিসের মাধ্যমে বিদ্যুৎ বন্ধ করে সবুজকে উদ্ধার করে সারিয়াকান্দি স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বগুড়া পল্লীবিদ্যুৎ সমিতি-২ সারিয়াকান্দি জোনাল ম্যানেজার শফি আহম্মেদের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ছুটিতে আছেন জানিয়ে সহকারী জোনাল ম্যানেজারের সঙ্গে কথা বলতে বলেন। সহকারী জোনাল ম্যানেজারের মুঠোফোনে বারবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।