নেতাদের মুক্তি, প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবিতে বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ট্রেনবহরে হামলার মামলায় মৃত্যুদন্ডসহ বিভিন্ন দন্ডে দন্ডিত কারাবন্দি ৪৭ নেতার মুক্তি এবং শেখ হাসিনার পদত্যাগের ‘এক দফা’ দাবিতে পাবনার ঈশ্বরদীতে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে বিএনপি। ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির ব্যানারে গতকাল শনিবার বিকেলে ঈশ্বরদী কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাজারের ১ নম্বর গেটের সামনে পথসভা করে। এ সময় দলের কারাবন্দি নেতাদের মুক্তি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ দাবিতে বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা।

উপজেলা বিএনপির আহ্বায়ক আহসান হাবিবের সভাপতিত্বে বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন বিএনপি নেতা এস এম ফজলুর রহমান, মুক্তিযোদ্ধা আবদুর রাজ্জাক, আমিনুর রহমান স্বপন, আবদুর রাজ্জাক ফিরোজ, টুটুল সরদার, আক্কাস আলী, কে এম আবদুল গাফফার, সাঈদ হাসান লিটন, যুবদল নেতা জাকির হোসেন জুয়েল, আক্তার হোসেন নিফা, রাশেদুল ইসলাম রিপন, মাহামুদ হাসান সোনামনি, সাব্বির হাসান সাইদুল, ছাত্রদল নেতা হাসানুজ্জামান আইনাল, মুন্না প্রমুখ।