কুমিল্লা সদর উপজেলায় প্রতিপক্ষ কুপিয়ে হত্যা করেছে এক তরুণকে। এ ছাড়া ঢাকার ধামরাই এবং চট্টগ্রামের রাঙ্গুনিয়া থেকে পুলিশ উদ্ধার করেছে দুজনের লাশ। ঢাকার বাইরের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর :
কুমিল্লা : কুমিল্লা সদর উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে প্রতিপক্ষের সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করেছে কাউছার (২৮) নামে এক যুবককে। গত শুক্রবার বিকেলে আদর্শ সদর উপজেলার আমড়াতলী ইউনিয়নের মধ্য মাঝিগাছা এলাকার সিঙ্গাপুর গলির রাস্তার মাথায় এ ঘটনা ঘটে। নিহত কাউছার নগরীর বিষ্ণুপুর এলাকার শওকত হোসেনের ছেলে। এ ঘটনায় মারুফ নামে আরও এক যুবক আহত হয়।
স্থানীয় ও পুলিশের বরাতে জানা যায়, শুক্রবার বিকেলে সিঙ্গাপুর গলির রাস্তার মাথা এলাকায় প্রতিপক্ষের ১০-১২ জন যুবক মিলে কাউছারকে তার বাড়ি থেকে ডেকে আনে। পরে কথা কাটাকাটির একপর্যায়ে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় ঘাতকরা।
স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য হাফিজুল ইসলাম বলেন, এই এলাকায় মাদকের প্রবণতা বেশি। দুপক্ষই মাদক কারবারের সঙ্গে জড়িত।
কোতোয়ালি মডেল থানার ওসি সনজুর মোরশেদ বলেন, মাদক ও জুয়াসংক্রান্ত লেনদেনের টাকা ভাগবাটোয়ারা নিয়ে মারামারির ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের চিহ্নিত ও গ্রেপ্তার করতে বিশেষ অভিযান চলছে।
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) : রাঙ্গুনিয়ায় শারীরিক নির্যাতন করে এক যুবককে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে পুলিশের অনুমান ঘটনাটি সড়ক দুর্ঘটনাও হতে পারে। নিহতের নাম আল আমিন (৩৫)। তার বাড়ি গাজীপুরের শ্রীপুর উপজেলার নারায়ণপুরে। আল আমিনের বাবার নাম শহিদ ইসলাম। গতকাল শনিবার দুপুরে রাঙ্গুনিয়ার ইসলামপুর গাবতল এলাকার রাস্তার পাশ থেকে পুলিশ উদ্ধার করে তার লাশ।
ধামরাই (ঢাকা) : ধামরাইয়ে মিজানুর রহমান (৪১) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার সকালে উপজেলার সূতিপাড়া ইউনিয়নের বড়াটিয়া এলাকার আবুল হোসেনের বাড়ির দক্ষিণ পাশে ড্রেনের ভেতর থেকে ওই লাশ উদ্ধার করা হয়। নিহত আবুল হোসেন নীলফামারীর সোনাডোমারের রাওতা এলাকার বশির উদ্দিনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, আবুল হোসেন ৪-৫টি খুনের মামলার আসামি। তার ডানপাশের সিনায় চাপাতির কোপ রয়েছে। তার দুই স্ত্রী রয়েছে। পুলিশ লাশ উদ্ধারের সময় খালি গায়ে আন্ডারপ্যান্ট পরিহিত ছিল তার।