ট্রফি উন্মোচনে এমনিতেই অধিনায়করা হাসেন। সেটা স্বাভাবিক। কাল বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির হাসিটা যেন একটু বেশি চওড়া ছিল। সবশেষ ম্যাচে ভারত নারী দলকে হারানোর বিশ্বাস যে সঙ্গী। তার ওপর ঘরের মাঠে টি-টোয়েন্টি চমক দেখানোর পর ওয়ানডেতেও হারমানপ্রিত কৌরদের দেখিয়ে দেওয়ার জেদও আছে। সব মিলিয়ে টি-টোয়েন্টি জয়ের বিশ্বাস নিয়ে বেশ ভালো ভাবেই ওয়ানডে সিরিজে চোখ রাখছে বাংলাদেশ নারী দল।
ওয়ানডেতে ২০১১ থেকে ১২ বছরে বাংলাদেশ নারী দল মোট ৫৪ ম্যাচ খেলেছে। ৫টি পরিত্যক্ত ম্যাচের পাশাপাশি ১৪টিতে আছে জয় আর ৩৫টি ম্যাচ হেরেছে নারীরা। ১৪ ম্যাচ জয়ে দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান, জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ড নারী দলের বিপক্ষে জয়ের অতীত আছে জ্যোতিদের। ভারতের বিপক্ষে আগে মাত্র ৫ ম্যাচে লড়েছিল বাংলাদেশ। জেতেনি কোনোটি। তবে এবারের সিরিজ অবশ্যই ভিন্ন। এ সিরিজটি শুধু দ্বিপক্ষীয় লড়াই নয়। ২০২৫ নারী বিশ্বকাপের জন্য চ্যাম্পিয়নশিপের অংশ।