গাইবান্ধায় ব্রহ্মপুত্র ও করতোয়ার নদীর পানি বাড়লেও ঘাঘট ও তিস্তার পানি কমতে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র নদের পানি ফুলছড়ির তিস্তামুখ পয়েন্টে ২ সেন্টিমিটার, করতোয়ার পানি গোবিন্দগঞ্জের কাটাখালি পয়েন্টে ২৮ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। অপরদিকে ঘাঘট নদীর পানি জেলা শহরে নতুন ব্রিজ পয়েন্টে ২ সেন্টিমিটার, তিস্তার পানি সুন্দরগঞ্জ পয়েন্টে ১১ সেন্টিমিটার কমেছে।
আজ রোববার (১৬ জুলাই) সকাল ৯ টা থেকে গতকাল শনিবার ৯ টা পর্যন্ত এ পরিমাণ পানি কমেছে ও বৃদ্ধি পেয়েছে।
নদ-নদীর পানি কমার কারণে নদী বেষ্টিত সুন্দরগঞ্জ, সদর, ফুলছড়ি ও সাঘাটা উপজেলার চরাঞ্চলে কিছু এলাকায় আবারও ভাঙন দেখা দিয়েছে। ভাঙন আতঙ্কে নদী তীরবর্তী মানুষ।
আজ সকালে গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মো. হাফিজুল হক মুঠোফোনে বলেন, উজানের ঢল আর বৃষ্টির পানিতে জেলার ব্রহ্মপুত্র ও করতোয়ার নদীর পানি সামান্য বাড়ছে। গতকালের চেয়ে নদীতে পানি বৃদ্ধির গতি কম। তবে ঘাঘট ও তিস্তার পানি রাত থেকে কমতে শুরু করেছে। সকাল ৯ টা পযর্ন্ত ব্রহ্মপুত্র ৬ সেন্টিমিটার,তিস্তা ২৬ সেন্টিমিটার, ঘাঘট ৬৯ সেন্টিমিটার করতোয়ার পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল।