চট্টগ্রামের পটিয়া থেকে নগরীর খালার বাড়িতে বেড়াতে আসা উম্মে আয়মা আনিকা (১৫) এবং নিসা আক্তার (১৬) নামে দুই কিশোরী পাঁচদিন ধরে নিখোঁজ রয়েছে।
তারা দুজনই উপজেলার হযরত আয়শা ছিদ্দিকা (রা.) মহিলা দাখিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ছাত্রী। আনিকার সহপাঠী নিসা।
তাদের বাড়ি পটিয়ার বড়লিয়া ইউনিয়নের পূর্ব বাড়িকাড়া গ্রামে।
গত বুধবার (১২ জুলাই) বোনের বিয়ের কথা বলে মাদ্রাসা শিক্ষকদের কাছ থেকে ছুটি নিয়ে চান্দগাঁও থানাধীন শমসের পাড়ায় খালার বাড়িতে বেড়াতে যায় এ দুই কিশোরী।
এ ঘটনায় গতকাল শনিবার (১৫ জুলাই) নিখোঁজ ছাত্রীদের স্বজন মোহাম্মদ মিজানুর রহমান চান্দগাঁও থানায় সাধারণ ডায়েরি করেছেন। ডায়েরিতে তিনি উল্লেখ করেন, আনিকা ও নিসা গত বুধবার দুপুরে তার শমসের পাড়ায় বাড়িতে (খালার বাড়ি) বেড়াতে আসে। একইদিন সন্ধ্যার দিকে তাদের মামা মোহাম্মদ নাজিমের সঙ্গে বাড়ি ফিরে যাওয়ার জন্য রওনা হলেও পথিমধ্যে তারা নিখোঁজ হয়।
এ বিষয়ে চান্দগাঁও থানার ওসি খায়রুল ইসলাম বলেন, ‘নিখোঁজ দুই কিশোরীকে উদ্ধারের জন্য সবধরণের চেষ্টা করে যাচ্ছে পুলিশ।’