কমলগঞ্জে ভূমি কর্মকর্তার সরকারি জমি দখল

মৌলভীবাজারের কমলগঞ্জে সড়কের পাশের সরকারি জমি কেটে দখলের অভিযোগ উঠেছে ইউনিয়ন উপসহকারী ভূমি কর্মকর্তা (সহকারী তহশিলদার) আবদুল আলিমের বিরুদ্ধে। কমলগঞ্জ পৌর এলাকার ৪ নম্বর ওয়ার্ডের শ্রীচন্দ্রপুর (নগর) এলাকায় রাস্তার পাশের সরকারি ভূমি দখলের বিষয়ে গতকাল রবিবার কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত অভিযোগ করেছেন এলাকাবাসী। যার অনুলিপি ভূমি মন্ত্রণালয়, জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে। সরেজমিনেও সরকারি ভূমি কেটে দখলে নেওয়ার সত্যতা মিলেছে।

লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কমলগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের শ্রীচন্দ্রপুর (নগর) এলাকায় রাস্তার পাশের সরকারি ভূমি দখলের পাঁয়তারা করে আসছিলেন কুলাউড়ায় কর্মরত ইউনিয়ন উপসহকারী ভূমি কর্মকর্তা (সহকারী তহশিলদার) আবদুল আলিম। সরকারি এ ভূমির পাশের জায়গাটি তার নিজের মালিকানাধীন থাকায় তিনি লোক লাগিয়ে দিয়ে অল্প অল্প করে কাটিয়ে তার জমির সঙ্গে মিশিয়ে দেন। অথচ সরকারি ভূমির পাশেই রয়েছে জানাজা পড়ার জায়গা। এলাকার কেউ মারা গেলে এই জমি ব্যবহার করেন মুসল্লিরা।

স্থানীয় বাসিন্দা জামাল মিয়া ও নেওয়ার মিয়া দেশ রূপান্তরকে বলেন, দীর্ঘদিন ধরে সরকারি এ জায়গাটি আমরা এলাকার মৃত ব্যক্তিদের জানাজার জন্য ব্যবহার করছিলাম। কিন্তু আলিম জায়গাটি কাটিয়ে তার জমির সঙ্গে মিশিয়ে দিয়েছেন।

তবে ইউনিয়ন উপসহকারী ভূমি কর্মকর্তা আবদুল আলিম দাবি করেন, জমিটি তার ভাতিজা ইমরান বর্গা চাষ করেন। তিনি বলেন, ‘কাজ করতে গিয়ে ভাতিজা হয়তো সরকারি কিছু জমি কেটে ফেলেছে। কেটে ফেলা জমি ভরাট করে দেওয়ার জন্য ভাতিজাকে বলে দিয়েছি।’ কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রইছ আল রিজুয়ান বলেন, অভিযোগটি দেখে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।