বাগেরহাট শহরে এক রাতে দুটি বিপণিবিতানের সাতটি ব্যবসাপ্রতিষ্ঠানে চুরি হয়েছে। সংঘবদ্ধ চোরের দল দোকানের ক্যাশবাক্স ভেঙে টাকা, সোনার গয়নাসহ অন্তত পাঁচ লাখ টাকার মালামাল নিয়ে গেছে বলে দাবি ব্যবসায়ীদের। গত শনিবার গভীর রাতে বাগেরহাট শহরের কাজী নজরুল ইসলাম সড়কের হাজি শামসুদ্দিন প্লাজা ও জ্যাকসন সুপার মার্কেটে এসব চুরির ঘটনা ঘটে।
ব্যবসাপ্রতিষ্ঠানগুলো হলো রাউন্ড ফ্যাশন, গোল্ড কর্নার, স্মার্ট চয়েস, ওয়ান নাইনটি নাইন, পারিজাত গার্মেন্টস, রুবাব ফ্যাশন এবং সুরুচি গার্মেন্টস। এর মধ্যে প্রথম চারটি দোকান জ্যাকসন সুপার মার্কেটে এবং বাকি তিনটি হাজি শামসুদ্দিন প্লাজায়।
হাজি শামসুদ্দিন প্লাজার মালিক ও পোশাক ব্যবসায়ী শেখ বশিরুল ইসলাম অভিযোগ করে এই প্রতিবেদককে বলেন, পুলিশের টহল থাকার মধ্যে শহরের প্রাণকেন্দ্রে পাশাপাশি সাতটি দোকান একই সময়ে চুরি হয়েছে!
বাগেরহাট সদর মডেল থানার ওসি কে এম আজিজুল ইসলাম বলেন, পুলিশ পরিদর্শন করে দেখেছে এই মার্কেট দুটি অরক্ষিত। এত বড় দুটি বিপণিবিতানে কোনো সিসি ক্যামেরা নেই, নিজস্ব পাহারার ব্যবস্থা নেই। চোর শনাক্তে পুলিশ তদন্ত শুরু করেছে।