টানা ১১ ম্যাচ জয়শূন্য মেসির মায়ামি

লিওনেল মেসিকে আনুষ্ঠানিকভাবে দলে নেওয়ার ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যে খেলতে নেমে আবার হেরেছে ইন্টার মায়ামি। সেন্ট লুইস সিটির কাছে ৩-০ গোলের হারে টানা এগারো ম্যাচে জয়হীন কাটল দলটির। এই পরাজয়ে ২২ ম্যাচে মায়ামির পয়েন্ট মাত্র ১৮, যা তাদের ২৯ দলের লিগে সবার তলানিতে নিয়ে গেছে।

মায়ামির কোচ হিসেবে আর্জেন্টিনার জেরার্দো তাতা মার্তিনোর অভিষেকটা হলো পরাজয় দিয়ে। তিনি এখন মেসির আশায় পথ দেখছেন, ‘বিশ্বের সেরা খেলোয়াড় দলের হয়ে খেলবেন তাই সামনের দিনগুলো ভালো কাটবেÑ সেই আশায় আছি। একই সঙ্গে ধৈর্য ধরতে হবে যাতে করে ভালো শারীরিক অবস্থায় পৌঁছাতে পারি আমরা এবং সঠিক ছন্দে খেলতে পারি।’

বিশ্বসেরা ফুটবলারকে এখন এমএলএসের সবচেয়ে বাজে দলের হয়ে খেলা শুরু করতে হবে। ভাগ্য ভালো যে বিশে^র অন্যান্য লিগের মতো এমএলএসে রেলিগেশন নেই। মেসিকে এখন যা করতে তা হলো, ক্লাবকে উজ্জীবিত করা এবং মায়ামিকে প্লে-অফের দিকে নিয়ে যাওয়া।

আগামী শুক্রবার লিগস কাপের ম্যাচে ক্রুজ আজুলের বিপক্ষে মেসি মায়ামির হয়ে প্রথম খেলবেন বলে আশা করা হচ্ছে। এমএলএস ও মেক্সিকো লিগের কয়েকটি দল নিয়ে এই প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। আর এই টুর্নামেন্টের জন্য এক মাসের মতো এমএলএসের খেলা বন্ধ থাকবে। লিগ ম্যাচ খেলতে মেসিকে তাই আগামী ২০ আগস্ট পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে।