বাতিল হতে পারে মেসিবরণ আয়োজন

সর্বকালের সেরা ফুটবলার এসেছেন যুক্তরাষ্ট্রে। আগামী ২ বছর দেশটির মেজর লিগ সকার মাতাবেন। খেলবেন ইন্টার মায়ামি ক্লাবের হয়ে। আগামী ২১ জুলাই প্রথমবার দলটির হয়ে মাঠে নামার কথা রয়েছে তার। এর আগে নিজেদের খেলোয়াড় হিসেবে মেসিকে পরিচয় করিয়ে দিতে চেয়েছিল ক্লাবটি। আয়োজন করেছিল মেসিবরণ অনুষ্ঠানের। আজ ভিআরবি পিএনকে স্টেডিয়ামে সেই অনুষ্ঠানকে ঘিরে ছিল নানা আয়োজন।

তবে বিরুপ আবহাওয়ায় তা শুরু হতে হচ্ছে বিলম্ব। সন্ধ্যা ৬ টায় অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল। তার কিছুক্ষণ আগেই মায়ামিতে শুরু হয় বজ্রঝড়। বৃষ্টি আর দমকা বাতাসে অনির্দিষ্টকালের জন্য থেমে আছে আয়োজন।

স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা তাদের এক প্রতিবেদনে স্থানীয় আবহাওয়া দপ্তরের বরাত দিয়ে জানিয়েছে, বৃষ্টি ও বজ্রপাত মায়ামি-ফোর্ট লডারডেল মেট্রোপলিটন এলাকায় আছড়ে পড়ছে। যা রবিবার রাত পর্যন্ত অব্যাহত থাকবে। যা মেসিকে ঘিরে আয়োজিত বিশাল যজ্ঞকে ভেস্তে দিতে পারে।

ইন্টার মায়ামি তাদের অফিসিয়াল টুইটার থেকে অনুষ্ঠান বিলম্বের ঘোষণা জানিয়েছে। তবে ঝড় অব্যাহত থাকলে শেষ পর্যন্ত অনুষ্ঠানটি স্থগিত করা হতে পারে, এমন আশঙ্কা করা হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম মার্কা।

ইন্টার মায়ামির সহ-মালিক ডেভিড বেকহ্যাম ভিআরবি পিএনকে স্টেডিয়ামে পৌঁছার পরপরই বজ্রসহ বৃষ্টি শুরু হয়। সঙ্গে দমকা বাতাস। তাতে অনুষ্ঠান শুরু করতে বিলম্ব হচ্ছে আয়োজকদের। নিজেদের টুইটার একাউন্ট থেকে ইন্টার মায়ামি এই তথ্য নিশ্চিত করেছে। তারা বলেছে, আমরা ঝড়ের কবলে পড়েছি। তাই অনুষ্ঠান শুরু করতে দেরি হচ্ছে।

সেখানে তারা অতিথিদের নিরাপদে থাকার আহ্বান জানিয়ে বলেছে, ‘আমাদের কাছে আগত অতিথিদের নিরাপত্তা সর্বোচ্চ অগ্রাধিকার পায়। তাই যারা অনুষ্ঠানস্থলে পৌঁছে গেছেন তারা নিজের গাড়িতেই অবস্থান করুন। পরবর্তী তথ্য ‍টুইটার একাউন্টেই জানানো হবে।