স্কুলে বন্ধুর জন্মদিন

টিকটক করায় শিক্ষকের থাপ্পড়ে ছাত্রের মৃত্যু!

সাতক্ষীরার কালীগঞ্জের নলতা মাধ্যমিক বিদ্যালয়ে টিফিন পিরিয়ডে স্কুলের ছাদে বন্ধুর জন্মদিনের কেক কেটে টিকটক করায় শিক্ষকের চড়-থাপ্পড়ের পর প্রতাপ চন্দ্র দাস নামে এক ছাত্রের মৃত্যুর অভিযোগ উঠেছে। গতকাল রবিবার দুপুরে এ ঘটনার পর উত্তেজিত এলাকাবাসী ও শিক্ষার্থীরা বিদ্যালয়ে ব্যাপক ভাঙচুর চালায়। এ ছাড়া একটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়ার পাশাপাশি আরও সাতটি ভাঙচুর করা হয়।

ছাত্রের মৃত্যুর ঘটনায় পুলিশ বিদ্যালয়টির প্রধান শিক্ষকসহ দুই শিক্ষককে হেফাজতে নিয়েছে। তবে বিদ্যালয় কর্র্তৃপক্ষের দাবি, শিক্ষকের চড়-থাপ্পড়ে নয়, ওই ছাত্র বাড়ি ফিরে আত্মহত্যা করেছে। মারা যাওয়া প্রতাপের চাচি তাপসী দাস বলেন, ‘প্রতাপ স্কুল থেকে বাড়ি ফিরে টয়লেটে যায়। সেখান থেকে সে বমি করতে করতে বের হয়।’ জেলার পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান জানান, ছাত্রের মৃত্যুর ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজন শিক্ষককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।