আদমদীঘিতে মদ খেয়ে মাতলামি

স্বেচ্ছাসেবক লীগের সাবেক নেতা গ্রেপ্তার

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার মালগুদাম এলাকায় রেললাইনের ওপর মদ খেয়ে মাতলামি ও আশপাশের মানুষদের অকথ্য ভাষায় গালাগাল করায় রেজাউল ইসলাম রকি (৩৬) নামে স্বেচ্ছাসেবক লীগের সাবেক এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রবিবার রাতে মালগুদাম এলাকা থেকে রেলওয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার রেজাউল ইসলাম রকি সান্তাহার পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক ও পৌর শহরের হার্ভের মোড় এলাকার এস এস লুৎফর রহমানের ছেলে।

সান্তাহার রেলওয়ে থানার ওসি মোক্তার হোসেন বলেন, ‘রবিবার রাতে পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক নেতা রেজাউল ইসলাম রকি মাতাল অবস্থায় রেললাইনের আশপাশের মানুষদের অকথ্য ভাষায় গালাগালা শুরু করেন। তার আচরণে পুলিশ তাকে গ্রেপ্তার করে। সোমবার (গতকাল) সকালে রকির বিরুদ্ধে মামলা দিয়ে বগুড়া আদালতে পাঠানো হয়েছে।’