এশিয়ান গেমসকে সামনে রেখে আগের দিন ঘোষিত হয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব ২৩ পুরুষ জাতীয় দল। গতকাল ঘোষিত হয়েছে ২২ সদস্যের নারী জাতীয় ফুটবল দল। নেপালের বিপক্ষে সদ্যসমাপ্ত দুই ম্যাচ সিরিজে খেলা দল থেকে বাদ পড়েছেন সোহাগী কিসকু ও আকলিমা। ডেঙ্গুর কারণে সেই সিরিজ খেলতে না পারা শামসুন্নাহার জুনিয়র ফিরেছেন দলে। দল ঘোষণা হয়ে গেলেও এই দল কোন কোচের অধীনে এশিয়াডে খেলবে সেটা এখনো নিশ্চিত নয়। চীনের হ্যাংঝু শহরে ২০ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর হবে ১৯তম এশিয়ান গেমস। সেপ্টেম্বরেই আবার ভিয়েতনামে হবে ২০২৪ এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাইয়ের দ্বিতীয়পর্বের খেলা। বি গ্রুপে বাংলাদেশকে পরীক্ষা দিতে হবে অস্ট্রেলিয়া, ভিয়েতনাম ও ফিলিপাইনের কাছে। দুটি গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা একই সময় থাকায় কোচ নিয়ে একটা সংকট তৈরি হয়েছে।
দেড় যুগ ধরে নারী ফুটবলকে আগলে রেখেছিলেন বর্ষীয়ান কোচ গোলাম রাব্বানী ছোটন। বাফুফে অবশ্য সাফ শিরোপা এনে দেওয়া দলের কোচকে ঠিকঠাক মূল্যায়ন করেনি বলে অভিমানে দায়িত্ব ছেড়ে দেন ছোটন। তাকে অবশ্য ফেরানোর অনেক চেষ্টা করেছে বাফুফে। তবে লাভ হয়নি। এর মধ্যে টেকনিক্যাল ডিরেক্টর পল স্মলি পদত্যাগ করায় সংকটটা বেড়েছে। ছোটনের দীর্ঘদিনের সহকারী মাহবুবুর রহমান লিটু ভারপ্রাপ্ত হিসেবে নেপালের বিপক্ষে ঘরের মাঠে সদ্যসমাপ্ত ফিফা প্রীতি সিরিজে দায়িত্ব পালন করলেও সেপ্টেম্বরে তার অধীনে জাতীয় দলকে এশিয়ায় খেলানোর ঝুঁকি বাফুফে নেবে না বলেই মনে হচ্ছে। বরং এএফসি অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে কিশোরীদের দায়িত্ব লিটুকে দেওয়া হতে পরে বলে জানা গেছে। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন অবশ্য অচিরেই নারী জাতীয় দলের জন্য জাপানি কোচ নিয়োগ দেওয়ার কথা বলেছেন।
এশিয়াডের জন্য ২২ সদস্যের দল
গোলকিপার : রুপনা চাকমা, সাথী বিশ্বাস, স্বর্ণা রানী মণ্ডল।
ডিফেন্ডার : নিলুফা ইয়াসমিন, শিউলী আজিম, আনাই মোগিনী, শামসুন্নাহার জুনিয়র, মসুরা পারভীন, আফিদা খন্দকার, সুরমা জান্নাত। মিডফিল্ডার : ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা, মারিয়া মান্দা। ফরোয়ার্ড : সানজিদা আক্তার, কৃষ্ণা রানী সরকার, তহুরা খাতুন, সাবিনা খাতুন, শাহিদা আখতার রিপা, সুমাইয়া মাতসুসীমা।