গণ অধিকার পরিষদ

আগামী ২৫ জুলাই নির্বাচন কমিশন ঘেরাও করবে

সম্প্রতি যে দুটি রাজনৈতিক দলকে নিবন্ধন দেওয়া হয়েছে তাদের ভুঁইফোঁড় আখ্যা দিয়ে এর প্রতিবাদে নির্বাচন কমিশন (ইসি) ঘেরাওয়ের ঘোষণা দিয়েছে গণ অধিকার পরিষদ। ২৫ জুলাই এ কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছেন দলটির সভাপতি নুরুল হক নুর। গতকাল মঙ্গলবার বিকেলে বিরোধীদের যুগপৎ আন্দোলনের এক দফা কর্মসূচির অংশ হিসেবে গণপদযাত্রা শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ ঘোষণা দেন।

নুর বলেন, ‘শর্তপূরণের পরও গণ অধিকার পরিষদসহ সক্রিয় দলগুলোকে নিবন্ধন না দিয়ে সরকারের পৃষ্ঠপোষকতা ও গোয়েন্দা সংস্থার সহযোগিতায় গড়ে ওঠা দুটি নামসর্বস্ব দলকে নিবন্ধনের জন্য চূড়ান্ত করা হয়েছে। এর প্রতিবাদে ২৫ জুলাই নির্বাচন কমিশন ঘেরাও করবে গণ অধিকার পরিষদ।’

বিকেল সোয়া ৪টায় গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে পদযাত্রা শুরু হয়। তবে পুলিশের বাধায় কাকরাইল, মালিবাগ হয়ে মগবাজার মোড়ে এসে পদযাত্রা শেষ হয়। পদযাত্রা শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।