সড়ক দুর্ঘটনায় যুবলীগ নেতাসহ দুইজন নিহত

রাজবাড়ীতে পৃথক সড়ক দুর্ঘটনায় ইউনিয়ন যুবলীগ নেতাসহ দুইজন নিহত হয়েছেন।

নিহতরা হলেন সদর উপজেলার বসন্তপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শুভ গাজী (২৬) ও চন্দনী ইউনিয়নের ধাওয়াপাড়া এলাকার লোকমান সরদার (৭৬)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ী শহরের শ্রীপুর এলাকায় আলগাজ্জালী স্কুলের সামনে মোটরসাইকেল নিয়ে রাজবাড়ী-ফরিদপুর আঞ্চলিক মহাসড়ক পার হচ্ছিলেন বসন্তপুর ইউনিয়ন যুবলীগের সহ-সাধারণ সম্পাদক সৈকত উজ্জামান শুভ গাজী ও তার বন্ধু রাজু শেখ। এসময় ফরিদপুর থেকে রাজবাড়ীগামী একটি প্রাইভেটকার মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের পেছনে বসে থাকা শুভ গাজী সড়কের ওপর ছিটকে পড়লে পেছনে থাকা অপর একটি প্রাইভেটকার তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। এসময় গুরুতর আহত হন মোটরসাইকেলের চালক রাজু শেখ। তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনাকবলিত একটি প্রাইভেটকার আটক করেছে পুলিশ। তবে অপর প্রাইভেটকারটি পালিয়ে গেছে।

অপরদিকে সদর উপজেলার চন্দনী ইউনিয়নের ধাওয়াপাড়া এলাকায় বালিবাহী ড্রামের ট্রাকচাপায় মারা গেছেন লোকমান সরদার ।

রাজবাড়ী আহলাদিপুর থানার এসআই আল মামুদ জানান, ঘটনা স্থল থেকে একটি প্রাইভেটকার আটক করা হয়েছে।