হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও বিএনপি নেতা জিকে গউছকে কারাগারে ছুরিকাঘাতের দায়ে ইলিয়াছ মিয়া ওরফে ছোটন (৩৫) নামে এক ব্যক্তিকে দেড় বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
হবিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. আবদুল আলীম বৃহস্পতিবার (২০ জুলাই) এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত ইলিয়াছ মিয়া হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার দাউদনগর গ্রামের বাসিন্দা।
আদালত সূত্রে জানা যায়, ২০১৫ সালের ১৮ জুলাই হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও বিএনপির কেন্দ্রীয় সমবায় বিষয়ক সম্পাদক গোলাম কিবরিয়া (জিকে) গউছ হবিগঞ্জ জেলা কারাগারে ছিলেন। সেদিন ঈদুল আযহার নামাজ শেষে তাকে একটি প্লাস্টিকের বালতির ষ্টীলের হাতল দিয়ে আঘাত করেন ইলিয়াছ। এ ঘটনায় তৎকালীন জেলার মো. শামীম ইকবাল একটি মামলা দায়ের করেছিলেন।
তদন্ত শেষে ২০১৬ সালের ২৬ নভেম্বর ইলিয়াছের নামে অভিযোগপত্র দাখিল করেন হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ। এ মামলায় ১০ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়।