এবার সেই চেয়ারম্যান, ২ ইউপি সদস্যের বিরুদ্ধে জমি দখলচেষ্টার মামলা

হাটহাজারী উপজেলা ১২ নম্বর চিকনদণ্ডী ইউনিয়নের সেই চেয়ারম্যান হাসান জামান বাচ্চুর বিরুদ্ধে এবার জালিয়াতির মাধ্যমে দলিল বানিয়ে অন্যের মালিকনাধীন জমি জোরপূর্বক দখলচেষ্টার অভিযোগ উঠেছে। এ অভিযোগ এনে আদালতে মামলার আবেদন করেছেন এক নারী।

চেয়ারম্যান হাসান জামান বাচ্চু ছাড়াও স্থানীয় দুজন ইউপি সদস্যসহ ছয়জনকে বিবাদী করা হয়েছে। তাদের প্রত্যেকের বাড়ি উপজেলার ফতেয়াবাদ এলাকায়।

আমাতুন নুর নামে এক নারীর দায়ের করা অভিযোগটি নিয়মিত মামলা হিসেবে রেকর্ড করতে হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন চট্টগ্রামের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।

আদালতের নির্দেশে গত ১৯ জুলাই অভিযোগটি নিয়মিত মামলা হিসেবে রেকর্ড করে হাটহাজারী থানা কর্তৃপক্ষ। মামলায় চেয়ারম্যান ছাড়া অপর পাঁচ আসামি হলেনচিকনদণ্ডী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার ইমন শীল রবিন (৩৭) ও একই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মেম্বার মো. নুর হোসেন (৩৮), প্রণব কুমার দাস বাদল (৫৬), মো. সানী চৌধুরী বাপ্পী (৩০) এবং আবুল হোসাইন (৪৮)।

মামলার আরজিতে বাদী আমাতুন নুর অভিযোগ করেন, বাদীর স্বামী সামসুল আলমের ক্রয়সূত্রে চিকনদণ্ডী মৌজার বিএস ২২৮২ দাগের ১৮ শতাংশ জমির মালিক হন। ৪৮ বছর ধরে ওই জমি তিনি ভোগদখলে আছেন। গত ১৫ জুন বিকালে উক্ত তফসিলের জমি ১ নম্বর আসামি প্রণব কুমার দাসের ভুয়া মালিকানা দেখিয়ে আসামিরা অস্ত্রশস্ত্র নিয়ে জোরপূর্বক দখলের চেষ্টা চালান। এ সময় বাধা দিতে গেলে বাদী এবং তার পরিবারের সদস্যদের ওপর হামলা চালান আসামিরা।

3মামলার ১ নম্বর আসামি প্রণব কুমার দাস অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি। তিনি ফতেয়াবাদের বাসিন্দা নন। দুই নম্বর আসামি ভূমি জালিয়াতি চক্রের সদস্য। তিন নম্বর আসামি নুর হোসেনের বিরুদ্ধে হত্যা, মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে মামলা রয়েছে। এই দুজন জাল দলিল তৈরি করেন। চার নম্বর আসামি বাপ্পী এবং পাঁচ নম্বর আসামি আবুল হোসাইন অন্য আসামিদের সহযোগী। ছয় নম্বর আসামি চেয়ারম্যান হাসান জামান বাচ্চু ১ নম্বর আসামি প্রণব কুমার দাস বাদলের জম্ম সনদ ও উত্তরাধীকারী সনদ ইস্যূ করেন।

বাদী আমাতুন নুর অভিযোগ করেন, আসামিরা পরস্পর যোগসাজশ করে তার প্রয়াত স্বামীর মালিকানাধীন সম্পত্তি জোরপূর্বক দখলে নেওয়ার চেষ্টা করছেন। ঘটনাটি সুষ্ঠু তদন্তের মাধ্যমে আসামিদের বিরুদ্ধে কঠোর শান্তিমূলক ব্যবস্থা চান তিনি।

প্রসঙ্গত, চলতি বছরের ৭ ফেব্রুয়ারি চট্টগ্রামের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চেয়ারম্যান হাসান জামান বাচ্চুর বিরুদ্ধে বিদ্যালয়ের শহীদ মিনার নির্মাণের জন্য পাঁচ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে মামলার আবেদন করেন স্থানীয় খন্দকিয়া ছমদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এসএম শওকত ওসমান। মামলাটি বর্তমানে পিবিআই, চট্টগ্রাম জেলা শাখা তদন্ত করছে। এ নিয়ে ১৫ ফেব্রুয়ারি দেশ রূপান্তর পত্রিকায় শহীদ মিনার নির্মাণে চেয়ারম্যানের চাঁদা দাবি’ শীর্ষক একটি প্রতিবেদন ছাপা হয়।