হাতকড়াসহ মাদক কারবারিকে ছিনিয়ে নিল সঙ্গীরা

ইয়াবার একটি চালানসহ এক মাদক কারবারিকে আটকের পর একদল মাদক কারবারির হামলার শিকার হয়েছেন নীলফামারীর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তিন সদস্য। এ সময় আটক মাদক কারবারি সাইদুল ইসলাম (৩৫) ইয়াবার চালান ও হাতকড়াসহ পালিয়ে যান। গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে জেলার কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পলাতক সাইদুল ওই গ্রামের বাসিন্দা।

হামলায় আহত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নীলফামারীর সহকারী উপপরিদর্শক আতিকুর রহমান এবং দুই সিপাহি মনিরুজ্জামান ও আসাদুজ্জামানকে কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় গতকাল শুক্রবার দুপুরে কিশোরগঞ্জ থানা পুলিশ একই গ্রামের আলীফ নুরকে (২২) আটক করেছে। স্থানীয় বাসিন্দা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, নীলফামারী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম অভিযান চালিয়ে ওই গ্রামের মাদক কারবারি সাইদুল ইসলামকে আটক করে হাতকড়া পরায়। এ খবর ছড়িয়ে পড়লে সাইদুলের সাঙ্গপাঙ্গরা এসে হামলা চালায় এবং এক পর্যায়ে সাইদুল হাতকড়াসহ পালিয়ে যান। নীলফামারী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক শফিকুল ইসলাম বলেন, ‘আহত তিনজনকে কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।’ কিশোরগঞ্জ থানার ওসি রাজীব কুমার রায় বলেন, ‘মাদক কারবারি সাইদুল হত্যা মামলাসহ বেশ কয়েকটি মামলার আসামি। পলাতক আসামিকে গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।’