ভারতের বড় সংগ্রহের পর উইন্ডিজের প্রতিরোধ

পাঁচ বছর পর বিদেশের মাটিতে টেস্ট সেঞ্চুরি পেলেন বিরাট কোহলি। সুবাদে পোর্ট অব স্পেনে প্রথম ইনিংসে বড় সংগ্রহ গড়ল ভারত। ওয়েস্ট ইন্ডিজও অবশ্য দ্বিতীয় দিন শেষ করল প্রতিরোধের জানান দিয়ে।

শুক্রবার ভারতের প্রথম ইনিংস ৪৩৮ রানে থামার পর ১ উইকেটে ৮৬ রান তুলে দিন শেষ করেছে ক্যারিবিয়রা। তবে এখনও ৩৫২ রানে পিছিয়ে আছে দলটি।

অধিনায়ক ক্রেগ ব্র্যাথওয়েট এবং তেজনারায়ন চন্দরপলের উদ্বোধনী জুটি দারুণ শুরু করে। ৭১ রান যোগ করেন তারা। ৯৫ বলে ৩৩ রান করা তেজনারায়নকে ফিরিয়ে জুটি ভাঙেন রবিচন্দ্রন অশ্বিন।

এরপর কার্ক ম্যাকেঞ্জিকে নিয়ে দিনের বাকিটা সময় পার করেন ব্র্যাথওয়েট। ৩৭ রানে অপরাজিত তিনি। কার্ক ম্যাকেঞ্জি ১৪ রানে অপরাজিত।

এর আগে ৪ উইকেটে ২৮৮ রান নিয়ে দিন শুরু করে ভারত। সেঞ্চুরি থেকে ১৩ রান দূরে থেকে প্রথম দিন শেষ করেছিলেন কোহলি। ২৯তম টেস্ট সেঞ্চুরি তুলে নিয়ে ১২১ রানে থামেন তিনি।

রবীন্দ্র জাদেজার ব্যাট থেকে আসে ৬১ রান। অশ্বিন খেলেন ৫৬ রানের ইনিংস। ৩টি করে উইকেট নিয়ে ভারতের প্রথম ইনিংসে ক্যারিবিয়দের সবচেয়ে সফল বোলার কেমার রোচ ও জোমেল ওয়ারিকন।

প্রথম টেস্টে ইনিংস ও ১৪১ রানের বিশাল ব্যবধানে জিতেছিল ভারত। ফলে দুই ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে আছে তারা।