ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, পুলিশকে না জানিয়ে একই কেন্দ্রে দ্বিতীয় বার যাওয়ায় ঢাকা-১৭ আসনের প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলমকে নিরাপত্তা দিতে পারেনি পুলিশ। সেই সুযোগে দুষ্কৃতকারীরা হামলা করে থাকতে পারে বলে জানিয়েছেন তিনি।
শনিবার (২২ জুলাই) দুপুরে রাজধানীর পল্টনে পলওয়েল মার্কেটে বাংলাদেশ দোকান মালিক সমিতির আয়োজনে মরিচের চারা বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ডিএমপি কমিশনার বলেন, কেন্দ্রে সমস্যা হওয়ার কারণে হিরো আলমসহ তার কর্মীদের বের করে দেওয়া হয়েছিল। হিরো আলম কেন্দ্রের বাইরে দুষ্কৃতকারীদের দ্বারা আক্রান্ত হন। সিসি ক্যামেরার ফুটেজ দেখে আসামিদের শনাক্ত করা হচ্ছে।
তিনি বলেন, গত ১৫ বছর ধরে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে। করোনাভাইরাসের সময় কিছুটা সমস্যা তৈরি হয়েছিল। ব্যবসায়ীদের কোথাও চাঁদা দিতে হয় না। তাদের আইনশৃঙ্খলাজনিত কোনো সমস্যা নেই। তারা নির্বিঘ্নে ব্যবসা করে যাচ্ছেন। এই পরিস্থিতি ধরে রাখতে হলে পুলিশ ও ব্যবসায়ীদের সঙ্গে যে সুসম্পর্ক সেটি অব্যাহত থাকবে।
এর আগে, গত ১৭ জুলাই বিকেলে রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের কেন্দ্র পরিদর্শনে গেলে দুর্বৃত্তদের দ্বারা হামলার শিকার হয়েছিলেন হিরো আলম। এ ঘটনায় জাতিসংঘও উদ্বেগ জানিয়েছে।