‘দ্বিমত থাকলে তলব করতেই পারে’

জাতিসংঘের মহাসচিব আন্তনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন দুজারিক বলেছেন, সদস্য রাষ্ট্রের সরকার পক্ষ থেকে সংস্থাটির আবাসিক সমন্বয়কারীকে তলব করাটা অস্বাভাবিক কোনও বিষয় নয়। সমন্বয়কারীর বলা কোনও কথার সঙ্গে সে দেশের দ্বিমত থাকলে তলব করতেই পারে।

গতকাল শুক্রবার জাতিসংঘের ব্রিফিংয়ে স্টিফেন দুজারিক এ কথা বলেন।

এদিন ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্রপ্রার্থী ও আলোচিত ইউটিউবার হিরো আলমের ওপর হামলার ঘটনায় উদ্বেগ জানিয়ে বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর টুইট এবং পরবর্তীতে তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে অসন্তোষ প্রকাশের বিষয়টি নিয়ে প্রশ্ন করা হয়।

একজন সাংবাদিক প্রশ্ন করেন, কোনও ইস্যুতে উদ্বেগ জানিয়ে টুইট করার প্রতিক্রিয়ায় কোনও সদস্য রাষ্ট্র জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীকে তলব করতে পারে কি না? জাতিসংঘের মহাসচিব কি পরিস্থিতি নিয়ে অবগত রয়েছেন?

স্টিফেন দুজারিক বলেন, এখানে বেশ কয়েকটি বিষয় আছে। বাংলাদেশে জাতিসংঘের যে দলটি কর্মরত রয়েছে, তাদের ওপর মহাসচিবের পূর্ণ আস্থা রয়েছে। সদস্য রাষ্ট্রের সরকার পক্ষ থেকে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীকে তলব করাটা অস্বাভাবিক কোনও বিষয় নয়। সমন্বয়কারীর বলা কোনও কথার সঙ্গে দ্বিমত থাকলে তলব করতেই পারে। এটাই যথাযথ প্রক্রিয়া। যখন কোনও বিষয় নিয়ে অসন্তোষ থাকে, তখন সদস্য রাষ্ট্রগুলো এ প্রক্রিয়া মেনে চলে।

স্টিফেন দুজারিককে আরও জিজ্ঞেস করা হয়, ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন শহরে সরকারবিরোধী হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছেন। এতে অন্তত দুজনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছে কয়েক শত মানুষ। বিক্ষোভকারীরা আগামী জানুয়ারির নির্বাচনের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ চান। জাতিসংঘের পক্ষ থেকেও অবাধ এবং সুষ্ঠু নির্বাচন আয়োজনের আহ্বান জানানো হয়েছে। এ পরিস্থিতিতে আপনি কি মনে করেন, বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের পরিবেশ রয়েছে?

স্টিফেন দুজারিক বলেন, আমি মনে করি মানুষের কথা বলার, শান্তিপূর্ণ প্রতিবাদ করার অধিকার রয়েছে। আর কর্তৃপক্ষের দায়িত্ব মানুষের এসব অধিকার রক্ষায় সহায়তা করা। সবখানেই এমনটা হয়। আমাদের এ প্রশ্ন বহুবার করা হয়েছে। তাই নির্বাচনের আগে আমি আর এমন কোনও পূর্বাভাস দিতে চাচ্ছি না।

গত মঙ্গলবার বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিরো আলমের ওপর হামলার ঘটনায় উদ্বেগ জানিয়ে টুইট করেন। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার দুপুরে ঢাকায় জাতিসংঘের ভারপ্রাপ্ত আবাসিক সমন্বয়কারী শেলডন ইয়েটকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে অসন্তোষ প্রকাশ করে বাংলাদেশ সরকার।

গোয়েন লুইস এ মুহূর্তে বাংলাদেশে না থাকায় ইউনিসেফের এ দেশীয় প্রতিনিধি শেলডন ইয়েট জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর দায়িত্ব পালন করছেন।