বাঁশখালী সমুদ্র সৈকতে নারীর লাশ উদ্ধার

চট্টগ্রামের বাঁশখালীর উপকূলীয় সমুদ্র সৈকতের খানখানাবাদ এলাকায় কাজমা খাতুন (৭০) নামে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকালে লাশটি উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া লাশটি পরে বাহারছড়া ইউনিয়ন পরিষদের সদস্য মো. সাহাব উদ্দিনের মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২২ জুলাই) সকালে স্থানীয় জেলেরা বাঁশখালীর উপকূলীয় বঙ্গোপসাগরের খানখানাবাদ পয়েন্টে সমুদ্রে মাছ ধরতে গেলে ওই নারীর লাশটি দেখতে পেয়ে বাঁশখালী থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

প্রথমে লাশটির পরিচয় পাওয়া না গেলেও পরে উদ্ধার হওয়া লাশটি বাহারছড়া ইউনিয়নের রত্নপুর এলাকার মৃত খাইর আহমেদের স্ত্রী কাজমা খাতুন বলে নিশ্চিত হয়। তিনি মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন। দুদিন আগে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেন নি।পরে শনিবার উপকূলীয় সমুদ্র সৈকত এলাকায় তার লাশ দেখার পর পরিবারের লোকজন তার পরিচয় শনাক্ত করে ।

এ বিষয়ে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ মো. কামাল উদ্দীন পিপিএম জানান, বাঁশখালীর উপকূলীয় সমদ্র্র সৈকতে অজ্ঞাত লাশের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত নারীর লাশ রত্নপুর এলাকার খাইর আহমদের স্ত্রী কাজমা খাতুন(৭০) এর নিশ্চিত হওয়ার পর স্থানীয় ইউপি সদস্য সাহাব উদ্দিনের মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।