দ্রুত সময়ের মধ্যে শেরপুরে হাতি ও মানুষের দ্বন্দ্ব নিরসনে হাতির করিডর চিহ্নিতকরণ এবং হাতির অভয়াশ্রম তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন। গতকাল শনিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরের ডিসি উদ্যানে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধনের সময় তিনি এ কথা বলেন। এ সময় মন্ত্রী বেশি বেশি গাছ লাগানো, পুকুর ভরাট না করা, প্লাস্টিকের ব্যবহার বন্ধসহ বিভিন্ন পরামর্শ দেন।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এবং বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়রম্যান হুমায়ুন কবীর রোমান। এছাড়া ময়মনসিংহ বিভাগীয় বন কর্মকর্তা এবং শেরপুর জেলার বন কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এদিন মন্ত্রী রাংটিয়া, বালিজুড়ি রেঞ্জের দুটি ভবন উদ্বোধন করেন। পরে তিনি জেলা যুবলীগের আয়োজনে তারুণ্যের জয়যাত্রা সমাবেশে যোগদান করেন।
জানা যায়, শেরপুরের তিনটি উপজেলায় ভারত সীমান্তের সঙ্গে ৪০ কিলোমিটার বনাঞ্চল রয়েছে। এই বনাঞ্চলে প্রতিনিয়ত হাতি ও মানুষের দ্বন্দ্ব চলছে এবং এতে উভয়ে মারাও পড়ছে। হাতির অভয়ারণ্য তৈরি হলে এ দ্বন্দ্ব কমতে পারে।