কুড়িগ্রামের রৌমারীতে দুই বছরের সাজার ভয়ে ৫ বছর ধরে পলাতক ছিলেন রোকনুদ্দৌলা নামের এক সাজাপ্রাপ্ত আসামি। অবশেষে রৌমারী থানা পুলিশ দীর্ঘ ৫ বছর পর তাকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে।
আজ রবিবার (২৩ জুলাই) বিকেলে এ তথ্য জানিয়েছে কুড়িগ্রাম জেলা পুলিশ। সাজাপ্রাপ্ত রোকনুদ্দৌলা উপজেলার ইছাকুড়ি গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, রৌমারী থানার ২০১৯ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় ২ বছরের সাজাপ্রাপ্ত এবং ২০২২ সালের অপর একটি মামলায় ৩ মাসের সাজাপ্রাপ্ত ছিলেন রোকনুদ্দৌলা।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমীন বলেন, নিরাপদ কুড়িগ্রামের জন্য আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। ফৌজদারি অপরাধ যেমন নারী নির্যাতন, চুরি, ছিনতাই, মাদকসহ অপরাধের সাথে যেই জড়িত থাকুক না কেন, তাকে আইনের আওতায় আনতে বদ্ধ পরিকর কুড়িগ্রাম জেলা পুলিশ।