মাগুরা সদরের নিজনান্দুয়ালী চরপাড়ায় নবগঙ্গা নদীতে ডুবে সাব্বির হোসেন (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। সে নিজনান্দুয়ালী শেখপাড়ার মোশারফ হোসেনের ছেলে।
এলাকাবাসীর পক্ষ থেকে জানানো হয়েছে গত শনিবার রাত ৮টার দিকে নিজনান্দুয়ালী চরপাড়া নবগঙ্গা নদীর তীরে পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ফাহিম (১৮) নামে এক যুবককে আটক করে। এ সময় সাব্বির তার বন্ধুদের নিয়ে নবগঙ্গা তীরে মোবাইল ফোনে লুডু খেলছিলেন। পুলিশের অভিযানের কথা শুনে বন্ধুদের নিয়ে সে নবগঙ্গা নদীতে ঝাঁপ দেন। পরে অন্যরা সাঁতরে তীরে উঠে এলেও সাব্বির নিখোঁজ হন। বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী তাকে নদী থেকে উদ্ধারের চেষ্টায় নামেন। রাত ১টার দিকে সাব্বিরের লাশ নদী থেকে উদ্ধার হয়।
এ বিষয়ে সাব্বিরের বড় ভাই উচ্ছাসুউজ্জামান রাব্বি বলেন, আমরা এ বিষয়ে পুলিশের বিরুদ্ধে কোনো অভিযোগ করিনি। সাব্বির এলাকায় ভালো ছেলে হিসেবে পরিচিত। প্রচ- তাপপ্রবাহ ও এসএসসি পরীক্ষা শেষ হওয়ার কারণে সে ঘটনার দিন রাতে বাড়ির অদূরে নদীতীরে বসে মোবাইল দেখছিল। পুলিশের ভয়ে সে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়। পরে আমরা তার লাশ উদ্ধার করি। সে সাঁতার জানত না।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তোফাজ্জেল হোসেন বলেন, যেখানে সাব্বির হোসেন নদীতে ডুবে নির্মম মৃত্যুর শিকার হয়েছে, সেখান থেকে পুলিশের মাদকবিরোধী অভিযানের স্থানটি বেশ দূরে। এ ঘটনার সঙ্গে ওই ঘটনার কোনো সম্পর্ক থাকার কথা নয়। এ ছাড়া পুলিশ সেখানে কাউকে ধাওয়া দেয়নি।