কিলিয়ান এমবাপ্পেকে এই গ্রীষ্মের দলবদলেই ছেড়ে দিতে চায় পিএসজি। তবে এমবাপ্পে চাইছেন আরও এক বছর পিএসজিতে থেকে রিয়ালে যোগ দিতে। তবে শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত বদলাবেন এমবাপ্পে। নতুন প্রস্তাবে রাজি হলে দলবদলের ইতিহাসে সবচেয়ে দামি খেলোয়াড় হয়ে যাবেন এমবাপ্পে। এমবাপ্পের জন্য পিএসজিকে রেকর্ড ৩০ কোটি ইউরো প্রস্তাব করেছে সৌদি আবরের ক্লাব আল হিলাল।
প্রস্তাবে রাজি হয়ে পিএসজি নাকি অনুমতি দিয়েছে আল হিলালকে এমবাপ্পের সঙ্গে দলবদল নিয়ে আনুষ্ঠানিকভাবে কথা বলার জন্য। বর্তমান সময়ের অন্যতম সেরা খেলোয়াড় এমবাপ্পের সঙ্গে পিএসজির চুক্তি আছে আরও এক মৌসুম। এরপর এমবাপ্পে ক্লাব ছাড়লে ট্রান্সফার ফি পাবে না পিএসজি। তাই আল হিলালের রেকর্ড ট্রান্সফার ফি’তে রাজি হওয়ারই কথা পিএসজির।
শুধু পিএসজি রাজি থাকলে তো হবে না, সম্মতি দিতে হবে এমবাপ্পেকেও। তো এমবাপ্পের জন্যও দারুণ প্রস্তাবই দিয়েছে সৌদি আরবের ক্লাবটি। বিশ্বকাপের শীর্ষ গোলদাতাকে এক বছরের জন্য ৭০ কোটি ইউরো বেতন দেবে আল হিলাল। প্রস্তাবে রাজি হলে এমবাপ্পে আল হিলালে প্রতি সেকেন্ডে পাবেন ২২ ইউরো যা বাংলাদেশি টাকায় ২ হাজার ৫৪৪ টাকা প্রায়। প্রতি মিনিটে পাবেন ১ লাখ ৫৭ হাজার টাকা। প্রতি ঘণ্টায় ৯৬ লাখ টাকা। প্রতি দিনে ২২ কোটি ৮৪ লাখ। এক বছরের বেতনটা টাকার অঙ্কে দাঁড়ায় ৮ হাজার ৩৩৬ কোটি প্রায়।
এমবাপ্পে প্রস্তাবে রাজি হলে লাভ তিন পক্ষেরই। পিএসজি তাদের চাওয়া অনুযায়ী বিশাল দলবদল ফি পাচ্ছে। আল হিলাল পাচ্ছে এই সময়ের অন্যতম সেরা ফুটবলারকে। আর আগামী মৌসুম শেষে এমবাপ্পের রিয়াল মাদ্রিদে খেলার স্বপ্নও পূরণ হচ্ছে।
এর আগে লিওনেল মেসিকেও দলে ভেড়াতে প্রস্তাব দিয়েছিল আল হিলাল। তবে মেসি সেই প্রস্তাবে রাজি না হয়ে যান যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের দল ইন্টার মায়ামিতে। এদিকে, গতকাল এমবাপ্পের ব্যাপারে পিএসজির সঙ্গে আলোচনা করার কথা ছিল বার্সেলোনার।