লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) দুটো দল আগ্রহ দেখিয়েছে বাংলাদেশের দুই ক্রিকেটার তাসকিন আহমেদ ও তাওহীদ হৃদয়কে দলে নেওয়ার ব্যপারে। দুজনেই অনাপত্তিপত্র চেয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে, তবে এখনো বিষয়টি বিবেচনাধীন বলেই জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশনস বিভাগের ম্যানেজার শাহরিয়ার নাফীস।
তাসকিন বর্তমানে খেলছেন জিম-আফ্রো টি-টেন লিগে। এই পেস বোলারকে দলে নিতে চেয়েছে দাম্বুলা অরা ফ্র্যাঞ্চাইজি। অন্যদিকে ব্যাটসম্যান তাওহীদ হৃদয়কে চায় জাফনা কিংস। দেশ রূপান্তরকে তাওহীদ জানান, ‘আমার কাছে প্রস্তাব এসেছে জাফনা কিংসের কাছ থেকে। ওরা ৫-৬টা ম্যাচের জন্য আমাকে চায়। হয়তো অন্য কোনো বিদেশির বিকল্প হিসেবেই আমাকে নিতে চাচ্ছে, সঠিক জানি না। ওরা ১০ দিনের জন্য আমাকে চাচ্ছে, যদি অনাপত্তিপত্র পাই তাহলে জুলাইয়ের ২৮ থেকে আগস্টের ১০ তারিখ পর্যন্ত সময়টা আমি তাদের হয়ে খেলব।’