মাদারগঞ্জ

যুবলীগ নেতা হত্যা মামলায় সাতজন জেলহাজতে

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার জোড়খালী ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ও ইউনিয়ন যুবলীগের সাবেক সহসভাপতি জহুরুল হকের (৫৭) হত্যার ঘটনায় সাতজনকে জেলহাজতে পাঠিয়েছে আদালত। বিষয়টি নিশ্চিত করেছেন আদালত পুলিশের পরিদর্শক মো. মফিজ উদ্দিন শেখ।

নিহতের বড় ভাই জাহাঙ্গীর আলম বাদল বাদী হয়ে গতকাল সোমবার সকালে মাদারগঞ্জ মডেল থানায় মামলা করেন। মামলায় ১১ আসামির নাম উল্লেখসহ অজ্ঞাত ৪-৫ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় আটক সাতজনকে গতকাল বেলা ১১টার দিকে আদালতে নিয়ে আসা হলে আদালত তাদের জেলহাজতে পাঠায়।

তারা হলেন মাহবুবুর রহমান, সেতু সরকার, মো. রুবেল মিয়া, জাহাঙ্গীর আলম গেদা, জাহাঙ্গীর সরকার, রবিউল ইসলাম, চান মিয়া সরকার। তারা উপজেলার জোড়খালী ইউনিয়নের ফুলজোড় এলাকার বাসিন্দা।

গত শনিবার রাত ১২টার দিকে মাদারগঞ্জ উপজেলার আটাবাড়ি বাজার থেকে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফেরার পথে জহুরুল হক সন্ত্রাসী হামলার শিকার হন। হামলাকারীরা বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে রেখে যায়। পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে। ওই রাতেই জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ অভিযান চালিয়ে সাতজনকে আটক করে।