ইউপি সদস্যকে চেয়ারম্যানের ভাতিজার গণধর্ষণের হুমকি

দুর্নীতির প্রতিবাদ করায় নারী ইউপি সদস্যকে গণধর্ষণের হুমকি দিয়েছেন টাঙ্গাইলের মির্জাপুরের আজগানা ইউপি চেয়ারম্যান আবদুল কাদের সিকদারের ভাতিজা খাইরুল ইসলাম ইমন। গতকাল সোমবার সকালে একটি ফেসবুক আইডি থেকে তাকে এই হুমকি দেওয়া হয়। এ বিষয়ে সংরক্ষিত নারী আসনের সদস্য লুবনা খানম থানায় লিখিত অভিযোগ করেছেন।

গত ১৭ জুলাই জেলা প্রশাসকের কাছে ইউপি চেয়ারম্যান আবদুল কাদের সিকদারের বিরুদ্ধে ভুয়া প্রকল্প দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ করেন লুবনা খানমসহ ইউপির আট সদস্য। এ বিষয়ে গতকাল সকালে একটি ফেসবুক আইডিতে আবদুল খালেকের মন্তব্যের পর চেয়ারম্যানের চাচাতো ভাইয়ের ছেলে খাইরুল ইসলাম ইমন মন্তব্য করেন, ‘গণধর্ষণের জন্য প্রস্তুত থাকো লুবনা আপা।’ মুহূর্তের মধ্যে এটি ফেসবুকে ভাইরাল হয়ে যায়।

ইউপি সদস্য লুবনা খানম বলেন, ‘চেয়ারম্যানের দুর্নীতির বিরুদ্ধে কথা বলায় তার ভাতিজা ফেসবুকের মাধ্যমে আমাকে গণধর্ষণের হুমকি দেয়। থানায় অভিযোগ দেওয়ার পর আমাকে নানাভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে।’ অভিযুক্ত খাইরুল ইসলাম ইমন বলেন, ‘কেউ ফেইক আইডি খুলে আমার ভাবমূর্তি ক্ষুণœ করতে এ ধরনের মন্তব্য করেছে। আমি থানায় অভিযোগ করেছি।’