ফরম পূরণে অতিরিক্ত টাকা নেওয়া বন্ধ করল সেই কলেজ

এইচএসসির ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায় বন্ধ করেছে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার লোকমান ফকির মহিলা ডিগ্রি কলেজ কর্তৃপক্ষ। দেশ রূপান্তরে প্রকাশিত সংবাদ কলেজ সভাপতির নজরে এলে তিনি বোর্ড নির্ধারিত টাকায় শিক্ষার্থীদের ফরম পূরণের জন্য অধ্যক্ষকে নির্দেশ দেন।

এর আগে গত ১৫ জুলাই লোকমান ফকির মহিলা ডিগ্রি কলেজের শতাধিক শিক্ষার্থী মিছিল নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে গিয়ে একটি লিখিত অভিযোগ দেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে তদন্তের নির্দেশ দেন।