আশুলিয়ায় ৫ বছরের শিশু ধর্ষণ, তরুণ গ্রেপ্তার  

সাভারের আশুলিয়ায় পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক তরুণকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৪ নবীনগর ক্যাম্প। রাতে আশুলিয়ার ঘোষবাগের কোন্ডলবাগ এলাকা থেকে তাকে আটক করা হয়।

র‌্যাব ৪ জানায়, আশুলিয়ার ঘোষবাগের কোন্ডলবাগ এলাকায় চকলেট দেওয়ার লোভ দেখিয়ে পাঁচ বছরের ওই শিশুকে কৌশলে ঘরে ডেকে নিয়ে যায় ১৯ বছরের তরুণ মেহেদী হাসান। পরে তাকে হত্যার হুমকি দিয়ে জোর পূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় পরিবারের সদস্যরা ধর্ষণের বিষয়টি জানিয়ে র‌্যাব-৪ এ অভিযোগ দায়ের করলে ওই এলাকায় অভিযান চালিয়ে মেহেদী হাসানকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত মেহেদী শিশুটিকে জোরপূর্বক হত্যার হুমকি দিয়ে ধর্ষণের কথা স্বীকার করেছে। এ ঘটনায় ধর্ষক ওই তরুণকে আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আশুলিয়ার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোমিনুল হোসেন বলেন, ভুক্তভোগী শিশুটিকে উদ্ধার করে ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। এছাড়া ধর্ষক মেহেদী হাসানকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।