সন্তানের জন্য সিনেমা থেকে বিরতি নিয়েছিলাম: জলি

অনেকটা গোপনেই বিয়ে করে সিনেমা ছেড়েছিলেন ‘অঙ্গার’, ‘পাষাণ’, ‘মেয়েটি এখন কোথায় যাবে’ দিয়ে পরিচিতি পাওয়া চিত্রনায়িকা জলি। ‘ডেঞ্জার জোন’ ও ‘অফিসার রিটার্নস’ নামে দুটি ছবি ছিল মুক্তির অপেক্ষায়। কিছু অংশের শুট বাকি থাকায় তাকে ছাড়া ছবির কাজ শেষ করা যায়নি।

চার বছর পর আবারো পর্দায় ফিরছেন সেই জলি। অভিনয় করতে যাচ্ছেন ‘পদ্মাবতী’ সিনেমায়। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে তাকে।

জলি বলেন, ‘সর্বশেষ চার বছর আগে কাজ করেছিলাম ‘ডেঞ্জার জোন ’ সিনেমায়। এর গানগুলো প্রকাশ হলেও সিনেমাটি মুক্তি পায়নি। বিরতির পর আবারো ‘পদ্মাবতী’ দিয়ে কাজ শুরু করতে যাচ্ছি। সিনেমার গল্প অসাধারণ। আশা করছি ভালো একটি সিনেমা উপহার পাবেন দর্শক’।

অভিনয় বিরতি প্রসঙ্গে তিনি বলেন, ‘এতদিন সংসার নিয়ে ব্যস্ততা ছিল। আমার সন্তান ছোট থাকায় সিনেমায় সময় দিতে পারছিলাম না বলে অভিনয় বিরতিতে যেতে হয়েছে। এখন আমার সন্তানের বয়স তিন বছর। তাকে বাসায় রেখে শুটিংয়ে বের হওয়া সম্ভব হচ্ছে। ভালো গল্প ও চরিত্র পেলে এখন থেকে নিয়মিত অভিনয় করবো বলে ভাবছি।’

সিনেমাটি পরিচালনা করবেন ধীমন বড়ুয়া। জলি ছাড়াও ‘পদ্মাবতী’ সিনেমায় আরও অভিনয় করবেন নবাগত নাসিক মাহী, নাদিয়া ও নাদের খান। শিগগিরিই সিনেমাটির শুটিং শুরু হবে বলে জানা গেছে।